সেবার পথে দুর্জয় তারুণ্য

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ১৮:৪৭
ওরা সবাই একই বিভাগে পড়ে। দেখলে মনে হবে আউলা-ঝাউলা পোলাপাইন। দুষ্টমিতে এরা চ্যাম্পিয়ন। তবে এই ছেলে-মেয়েদের দেখা যায় অনেক ভালো কাজেও। কনকনে এ শীতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে তারা। বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের কথা। চট্টগ্রামের দেওয়ানহাট সংলগ্ন বস্তিতে এ ব্যাচের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রতি বস্তির প্রতিটি ঘরে দুইটি করে শীতবস্ত্র বিতরণ করে তারা। বস্ত্র বিতরণ আয়োজনে সহযোগিতা করেছে সাংবাদিকতা বিভাগের ছাত্রদের পরিচালিত অনলাইন সংবাদপত্র ‘নিউজ ট্রেন বাংলাদেশ’। আয়োজকরা জানান, এসময় প্রায় ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিবেকের তাগিদে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তারা। চলতি মাসের ১১ তারিখে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে যাবেন বলেও জানান তারা।