‘লড়বো মোরা নাট্য হাতিয়ারে, রাখবো কলুষমুক্ত সমাজটারে’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালের এপ্রিলে আত্মপ্রকাশ করে ‘সংশপ্তক নাট্য পরিবার’। প্রতিষ্ঠার পরই ক্যাম্পাসে একের পর এক নাটক মঞ্চস্থ করে ব্যাপক সুনাম অর্জন করে। এরই ধারাবাহিকতায় এবার মঞ্চস্থ হলো সংশপ্তক নাট্য পরিবারের ৫ম প্রযোজনা ‘জিলাপি’।
নাটকটির রচনা এবং নির্দেশনায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নাটকটির সফল মঞ্চায়ন হয়। নাটকটি দেখতে ক্যাম্পাসে আসে হাজারো দর্শক।
‘জিলাপি’ নাটকে উঠে আসে সমাজের নানা অসংগতি আর অনিয়মের চিত্র। নাটকের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছে সমাজের একশ্রেণীর নব্য ধনীর; যারা নিজেদের ক্ষমতা ও প্রতিপত্তি প্রতিষ্ঠার জন্য অনেক পরিবারকে সর্বস্বান্ত করে। যার ফলে সমাজের নানা অস্থিরতা বিরাজ করে। নাটকে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন— সুহেল আহমেদ, উত্তম কুমার দেবনাথ, শিশির, আরিফ, এনাম, সানি, তাসনিম, লিসা, ইভানা প্রমুখ।
নাটকটি দেখতে আসা মো. জাকির, পঙ্কজ, নাজমুল, এমদাদ, কবিতা, হুসাইন জানান, নাটকটি সত্যিই সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। এ রকম নাটকই পারে সমাজকে পাল্টে দিতে। তাসনিমসহ অনেকেই জানিয়েছেন তাদের ভালো লাগার কথা।
নাটক সম্পর্কে ড. মো. আশ্রাফুল করিম জানান, যারা অভিনয় করেছে তারা প্রায় সবাই প্রথমবারের মতো অভিনয় করেছে। নতুন নাট্যকর্মী সৃষ্টি করাই সংশপ্তকের একটি উদ্দেশ্য; যা অধিকাংশই সফল হয়েছে বলে তিনি জানান।
