হাতে খুব একটা ছবি না থাকায় ধীরে ধীরে নাটকের শুটিংয়েই ঝুঁকছেন চিত্রনায়িকা নিপুণ। তাই নিজের নামের আগে চিত্রনায়িকা তকমাটাও ম্লান হচ্ছে দিনকে দিন। এরই ভেতরে মোশাররফ করিম, সজলসহ বেশ ক’জন তারাকার সাথে জুটি বেঁধে টিভি নাটক করেছেন। নিজের ব্যস্ততার কথা প্রসঙ্গে নিপুণ বলেন, ‘নিজের প্রফেশনের তাগিদেই নাটকে ব্যস্ত থাকছি। আর যেহেতু মনের মতো ফিল্মের স্ক্রিপ্ট আসছে না, তাই নাটকে থাকাটা মন্দ কী!’ তবে এরই মধ্যে নাটকের বাইরে বেশ কটি বিজ্ঞাপনের কাজেও অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া একটি রিয়েলিটি শোতে অতিথি বিচারক এবং গানের অনুষ্ঠানের উপস্থাপনাতেও তাকে দেখা যাচ্ছে। নতুন নির্মাতাদের জোয়ারে চলচ্চিত্রের এই নতুন হাওয়ায় তাই নিপুণ নিজেকে চলচ্চিত্র থেকে গুটিয়েই যেন ছোটপর্দায় ভালো একটি অবস্থান করার চেষ্টা করছেন।
