পেশাদার লিগের অস্টম রাউন্ড শুরু আজ দলগুলোর সামনে কঠিন লড়াই

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:২০
আবাহনী ও বিজেএমসির খেলা দিয়ে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের অস্টম রাউন্ড শুরু হবে আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় শুরু হবে খেলাটি। অস্টম রাউন্ডের চারটি ম্যাচই ঢাকায় এবং সবগুলোই গুরুত্বপূর্ণ। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এ খেলায় বিজেএমসির বিরুদ্ধে জিতলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে এক নম্বরে থাকা শেখ জামালের পাশে গিয়ে দাঁড়াবে। এই ম্যাচটি আবাহনী এবং বিজেএমসির জন্য কঠিন এক লড়াই। কারণ পয়েন্ট টেবিলে ছয় খেলায় আট পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা অফিস দলটিরও শিরোপা জয়ের স্বপ্ন আছে। তবে তার আগে নিজেদের অবস্থান সুসংহত করাই আসল উদ্দেশ্যে। সেটি পূরণ করতে আবাহনীকে আটকে দিতে চায় বিজেএমসি। আবাহনীকে হারাতে পারলে বিজেএমসি যাবে আরো উপরে; কিন্তু বিজেএমসিকে সে সুযোগ দিতে চাইবে না আবাহনী। শিরোপা নিজেদের ঘরেই রেখে দিতে বদ্ধপরিকর আকাশি নীল হলুদরা। আগামীকাল বৃহস্পতিবার মোহামেডান খেলবে সকার ক্লাবের বিরুদ্ধে। গত শনিবার গোপালগঞ্জে মোহামেডান ১-৪ গোলে মুক্তিযোদ্ধার কাছে হেরেছে। সেই ম্যাচে মোহামেডান একাদশে থাকা খেলোয়াড় এবং ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানা, সহকারী ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবকে শোকজ করা হয়েছে। সব মিলিয়ে সাত খেলায় কেবল ১০ পয়েন্ট পাওয়া মোহামেডান পড়েছে তোপের মুখে। সঙ্গত কারণেই পঞ্চম স্থানে থাকা মোহামেডান কাল সকার ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমে প্রমাণ করতে চাইবে তারা এতো দুর্বল দল নয়; কিন্তু সকার ক্লাবও তো ছাড় দিতে চাইবে না। মোহামেডানের প্রতিপক্ষ ফেনীর সকার ক্লাব ছয় খেলায় তিন পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে। এবার রেলিগেশনের আশংকায় আছে পেশাদার লিগের প্রথম আসরে চতুর্থ স্থান পাওয়া দলটি। ছয় খেলায় তাদের জয় কেবল একটি। বিপদ এড়াতে তারা মোহামেডানকেও যে চাপে রাখতে চাইবে, সে আভাসও পাওয়া গেছে সোমবার অনুষ্ঠিত ম্যাচে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে থামিয়েই দিয়েছিল পেশাদার লিগে ঢাকার বাইরের একমাত্র দলটি। ভাগ্যভালো বলে সে যাত্রায় বেঁচে গেছে শেখ জামাল। খেলার শেষ মুহূর্তে শাকিলের বল প্রায় দুরূহ কোন থেকে সকার ক্লাবের জালে না ঢুকলে পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত ফেনীর দলটি। বরাত খারাপ দলটির। এদিকে আগামী শুক্রবার শেখ রাসেল ও শেখ জামাল মুখোমুখি হতে যাচ্ছে। উভয় দল একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ছয় খেলায় ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে শেখ জামাল, অপরদিকে সমান সংখ্যক খেলায় ১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ রাসেল। এই দুই দলের ম্যাচ শেষে আভাস পাওয়া যাবে শিরোপা কোন দিকে যেতে পারে। এমন পরিস্থিতিতে রাসেল ও জামাল কেউ কাউকে ছাড়বে না। ফুটবল দর্শকরা একটা উত্তেজনার এবং আকর্ষণীয় ম্যাচ উপভোগ করতে পারবেন। এই ম্যাচটি জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার অপেক্ষায় থাকা ডাচ কোচরাও দেখবেন। আগামী শনিবার লড়বে ব্রাদার্স ও আরামবাগ। এই ম্যাচ নিয়ে ফুটবল অঙ্গনে গুঞ্জনের ডালপালা ছড়ায়; কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। উভয় দলই এবার সকার ক্লাবের মতোই বিপদে রয়েছে। ব্রাদার্স টানা ছয় খেলায় হেরেছে। অন্য দিকে সমানসংখ্যক খেলায় আরামবাগ কেবল একটিতে জিতে তিন পয়েন্ট নিয়ে আছে তাদের উপরে। আরামবাগ চাইবে ব্রাদার্সকে হারিয়ে পয়েন্ট দ্বিগুণ করতে। অপরদিকে মরিয়া ব্রাদার্সের লক্ষ্য এই মুহূর্তে একটা জয়। তা না হলে এবার আর মান সম্মান থাকবে না তাদের। তাই হাড্ডা-হাড্ডি লড়াই হবে আরামবাগ ও ব্রাদার্সের মধ্যে। উল্লেখ্য, এবার পেশাদার ফুটবল লিগের ষষ্ঠ আসরে খেলছে নয়টি দল। একটি দলকে রেলিগেশনের শিকার হতে হবে। পয়েন্ট টেবিল শেখ জামাল ৬ ৫ ১ ০ ১৬ শেখ রাসেল ৬ ৫ ০ ১ ১৫ আবাহনী ৬ ৪ ১ ১ ১৩ মুক্তিযোদ্ধা ৭ ৪ ১ ২ ১৩ মোহামেডান ৭ ৩ ১ ৩ ১০ বিজেএমসি ৬ ২ ২ ২ ৮ সকার ক্লাব ৬ ১ ০ ৫ ৩ আরামবাগ ৬ ১ ০ ৫ ৩ ব্রাদার্স ৬ ০ ০ ৫ ০