রাঙ্গামাটিতে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাদশ। গতকাল রাঙ্গামাটি চিং লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা একাদশকে ২-১ গোলে পরাজিত করে। খেলার ২১ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাদশের পলাশ রাঙ্গামাটি দলের বিপক্ষে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। রাঙ্গামাটি জেলা দল প্রাণান্তকর চেষ্টা করেও প্রথমার্ধে গোল পরিশোধে ব্যর্থ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে আমিনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
এ সময় রাঙ্গামাটি জেলা দল গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে রাঙ্গামাটি জেলা দলের খেলোয়াড় হেলালের দেয়া গোলে গোলের ব্যবধান ২-১ গোলে কমে আসে। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত রাঙ্গামাটি জেলা দল আর কোন গোল করতে পারেনি।
ম্যান অব দ্যা ম্যাচ হন রাঙ্গামাটি দলের খেলোয়াড় মনায়েম খান। আজ একই ভেন্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও খাগড়াছড়ি জেলা একাদশের মধ্যে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য রাঙ্গামাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের কর্ণফুলী অঞ্চলের খেলায় চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের কর্ণফুলী অঞ্চলের খেলার উদ্বোধন করেন ।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন ও পুলিশ সুপার মাসুদ-উল-হাসান উপস্থিত ছিলেন।
