চট্টগ্রাম প্রথম বিভাগ ক্রিকেট শুরু আজ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
প্রথম বিভাগ ক্রিকেট লিগের মধ্যদিয়ে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের ক্রিকেট মৌসুম। পর্যায়ক্রমে মাঠে গড়াবে প্রিমিয়ার ক্রিকেট, দ্বিতীয় বিভাগ ক্রিকেট ও আন্তঃস্কুল ক্রিকেট। প্রথম বিভাগ ক্রিকেটে ১৬টি দল খেলার জন্য তালিকাভুক্ত হয়েছে। দলগুলোকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ৪টি করে দল রয়েছে। ‘ক’ গ্রুপে মুক্তিযোদ্ধা কেসি (লাল), রাফা ক্রিকেট ক্লাব, রেলওয়ে এসএ মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাব। ‘খ’ গ্রুপে আবেদীন ক্লাব, রিজেন্সী এসসি, সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা ও নিমতলা লায়ন্স ক্লাব,। ‘গ’ গ্রুপে লিটল ব্রাদার্স, মোহামেডান ব্লুজ, ওপিএ ও স্টার ক্লাব। ‘ঘ’ গ্রুপে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান গ্রীন ও উল্লাস ক্লাব। লিগের খেলা হবে সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। প্রথমদিন মুক্তিযোদ্ধা (লাল) খেলবে মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের বিপক্ষে। লিগের খেলা হবে ৫০ ওভার করে। তাছাড়া প্রত্যেক দল ম্যাচে অংশগ্রহণ করবে রঙিন পোশাক পরে। প্রথমপর্বে ম্যাচ হবে ২৪টি। তন্মধ্যে ৬টি দলকে নিয়ে সুপার লিগ এবং অপর ৬টি দলকে নিয়ে রেলিগেশন লিগ হবে। খ্যাতনামা প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিঃ লিগের স্পন্সরশিপ অক্ষুণ্ন রেখেছে। এ পর্যন্ত ৬টি লিগ তারা স্পন্সর করেছে। লিগ আয়োজনের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা। স্পন্সর প্রতিষ্ঠান বাজেটের সমুদয় অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন। ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর লিগের বিভিন্ন দিক তুলে ধরেন। সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, স্পন্সর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জহিরউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।