‘বিজিএমইএ-র প্রতিবেদন দায়িত্বহীন’

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র তদন্ত প্রতিবেদনকে কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি বেসরকারি সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় সরেজমিন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন। সংস্থাটির সভাপতি সাকি রেজওয়ানা এতে সভাপতিত্ব করেন। বিজিএমইএ’র এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে ইস্রাফিল আলম বলেন, গার্মেন্টস শিল্পমালিকরা এখনো মানুষ হতে পারেননি। তারা গার্মেন্টস মালিকই রয়ে গেছেন। তাদের প্রতিবেদন মালিককে রক্ষা করার জন্য এবং একপেশে। এ জন্য প্রতিবেদনে কেবল নাশকতার কথা বলা হয়েছে। তারা যেহেতু নাশকতার কথা বলেছেন, তাই সেই নাশকতার সঙ্গে কারা জড়িত তারা তা বলতে পারবেন। এজন্য তাদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। সংস্থাটির প্রতিবেদনে তাজরীনে অগ্নিকাণ্ডের জন্য মালিক পক্ষের চরম অবহেলাকে দায়ী করা হয়। সে্ই সাথে ভবিষ্যতে শ্রমিকদের নিরাপত্তা বিধানে বেশকিছু সুপারিশ করা হয়।