ক্রিকেট খেলার ব্যাট হাতে পেয়েই মাকে দেখে দৌড় দেয় সজীব (৬)। কিছু দূর যাওয়ার পর ব্যাটের হাতল বুকের সঙ্গে লেগে হোঁচট খেয়ে পড়ে বুকে প্রচন্ড ব্যথা পায় সে। আর সে জন্যই এই শিশুকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। ঘটনাটি ঘটেছে রাজধানীর কামরাঙ্গিরচরের পূর্ব রসুলপুর গ্রামে। পারিবারিক সূত্র জানায়, প্লে-গ্রুপের ছাত্র সজীবকে সোমবার দুপুরে ক্রিকেট খেলার জন্য একটি ছোট ব্যাট দেয় মা লিপি আক্তার। ব্যাট হাতে নিয়ে সে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে ব্যাটের হাতল তার বুকে লেগে সে আঘাত পায়। মা লিপি আক্তার তার বুকে বরফ দেয়। রাত ২টার দিকে সজীব ব্যথায় কাতরাতে থাকে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৫টার দিকে সে মারা যায়। সজীবের বাবা ফালান মিয়া একজন রিকশা চালক।
