পরবাসিনী একজন...

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ১৯:৪৫
গতানুগতিক নায়িকা চরিত্রের মাঝে নিজেকে বন্দী করতে চান না মেহজাবীন। তার ভাষ্যে, ‘আমি লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে এসেছি বলে অনেকে হয়তো ধরে নিয়েছিলেন, অন্য কারও কারও মতো আমিও গতানুগতিক নায়িকা চরিত্রগুলোতে কাজ করব। কিন্তু তা না করে আমি একটু ভিন্ন পথে হেঁটেছি। আমি সব সময় সেই সব চরিত্রে কাজ করেছি, যেখানে আমার অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। আমার মনে হয় আমি কিছুটা হলেও পেরেছি।’ মেহজাবীনের তারকা হয়ে ওঠার গল্পটা রূপকথার মতোই। লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার উত্সাহী দর্শক মেহজাবীন টিভি পর্দায় গুণবতী সব রূপের রাজকুমারীদের দেখে অনুপ্রাণিত হন তাদের কাতারে সামিল হতে। বাঁধভাঙ্গা উত্সাহের এ পথ ধরেই ২০০৯ সালের প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন, অংশগ্রহণ এবং নিজের যোগ্যতার শ্রেষ্ঠত্ব প্রমাণ। আর ফলস্বরূপ আজকের এই তারকা মেহজাবীনের জন্ম। এর পরের গল্প সবারই জানা। এরই মধ্যে মেহজাবীন বেশ কিছু মানসম্পন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে পারফর্ম করেছেন। এর মধ্যে রয়েছে—সিঙ্গার ফ্রিজ ও এসি, লেজারট্রিট, ফেয়ার অ্যান্ড লাভলির বডি লোশন, প্রাণ বাবল গাম, নাভানা রিয়েল এস্টেট ইত্যাদি। সম্প্রতি শেষ করলেন আরও নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। শুধু মডেল হিসেবেই নয়, মেহজাবীন অভিনয়েও ইতোমধ্যে চমক দেখাতে শুরু করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—‘গহীনে’, ‘একজন মায়াবতী’, ‘ছায়াসঙ্গী’, ‘কেন্ডিডেট’, ‘এসেছিল’, ‘বিষটোপ’, ‘যে পথে ভালোবাসা’ প্রভৃতি। এসব নাটকে মেহজাবীন সুন্দর অভিনয় করে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। বর্তমান সময়ে মেহজাবীনের পথচলা শুরু হয়েছে একজন ভালো অভিনেত্রী হওয়ার লক্ষ্যেই। একসময় অভিনয় করা নিয়ে তার মধ্যে একটা সংশয় কাজ করেছিল। তিনি মনে করতেন, আমি কখনোই অভিনয় করতে পারব না। কিন্তু এ প্রতিযোগিতার একটি পর্বে খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা যখন মেহজাবীনের অভিনয় দেখে বললেন, ‘তুমি পারবে বড় অভিনেত্রী হতে।’ আর প্রিয় শিল্পীর এই কমেন্ট মেহজাবীনের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তার কথায়, ‘আমি জানি, একজন ভালো অভিনেত্রী হওয়ার জন্য অনেক সাধনার দরকার হয়। আমি প্রস্তুত এই পথে হাঁটতে।’ মডেলিং না অভিনয় কোনটি আপনার পছন্দের—এমন প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, ‘মডেলিং ও অভিনয় দুটোই আমার ভালো লাগে।’ তিনি আরও বলেন, ‘আমার প্রতিটি কাজে পরিবারের থেকে অনেক উত্সাহ ও সহযোগিতা পেয়েছি। সেজন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। মা-বাবার সহযোগিতা ছাড়া মিডিয়াতে কাজ করা সহজ হয় না।’ লাক্সের ক্যাম্পে থাকার দিনগুলো মেহজাবীনের কাছে অন্যতম শ্রেষ্ঠ সময়। এখান থেকেই অনেক কিছু অর্জন করেছেন এই কন্যা। ক্যাম্পের সোনালি সেই দিনগুলোর গল্প নিয়ে মেহজাবীন বলেন, ‘ক্যাম্পের দিনগুলো কখনও ভোলা যাবে না। ওখানে আমরা অনেক কিছু শিখেছি। বিশেষ করে গ্রুমিং সেশনটা ছিল চমত্কার। এরফলে আমাদের কনফিডেন্স আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আর এই অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি মনে করি। টাইম সেন্স, ডিসিপ্লিনের ব্যাপারে আমি বরাবরই সচেতন ছিলাম। লাক্সে আসার পর সেই সচেতনতা আরও জোরদার হয়েছে।’ তারকা হওয়ার আগের এবং পরের গল্প নিয়ে মেহজাবীন বলেন, ‘সত্যি বলতে কী, আমি সব সময়ই নিজেকে মানুষ হিসেবে দেখি। তারকা হয়েছি বলেই একটু ভাব নিতে হবে—আমি মনে করি এটা ঠিক নয়। আমি সবার কাছে নিজেকে একজন মানুষ হিসেবেই তুলে ধরতে চাই। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা আমাকে তারকা বানিয়েছে, আমি এর যথাযথ মূল্যায়নও করতে চাই। কখনও চাই না আমার কোনো আচরণে আমার ভক্তরা কষ্ট পাক।’ নায়করাজ রাজ্জাক তনয় চিত্রনায়ক সম্রাটের সাথে মেহজাবীন এবারই প্রথম কোনো টেলিফিল্মে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। খান সোহেলের মূল গল্পে এহতেশাম আহমেদের রচনায় ও এনিথ ফারহানের চিত্রনাট্যে এনিত ফারহান ও খান সোহেলর পরিচালনায় ‘সেই ছবি’ টেলিফিল্ম নিয়ে মেহজাবীন অনেক আশাবাদী। উত্তরার একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে। টেলিফিল্মের দেখা যাবে, সম্রাট একজন চিত্রশিল্পী, গল্পে যার নাম মুরাদ। ঘটনাক্রমে এক সময় পরিচয় হয় স্কুল শিক্ষিকা নয়না অর্থাত্ মেহজাবীনের সাথে। মুরাদ নয়নার একটি ছবি আঁকার অনুমতি চাইলে তাতে আপত্তি জানায় নয়না। একসময় মুরাদ নিজের কল্পনাতেই ছবি এঁকে নয়নাকে দেখান। মুগ্ধ হয় নয়না। শুরু হয় ভালোলাগার সম্পর্ক। কিন্তু একসময় মুরাদ জানতে পারে নয়না এই পৃথিবীর বুকে আর বেশিদিন বাঁচবে না। মুরাদ প্রাণপণ চেষ্টা করে তার আঁকা ছবিগুলো বিক্রি করে তাকে বাঁচানোর। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। এই টেলিফিল্ম প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘এখানে আমার চরিত্রটি আমার সমসাময়িক কাজ থেকে একেবারেই আলাদা। যে কারণে স্ক্রিপটি আত্মস্থ করে কাজটি করছি। সম্রাট ভাইসহ সবাই আমাকে বেশ সহযোগিতা করছেন।’ টেলিফিল্মে আরও যারা অভিনয় করছেন তারা হলেন নায়করাজ রাজ্জাক, মিতা নূর, বিপাশা কবির, তানভীর প্রমুখ। সম্প্রতি মেহজাবীন তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘পরবাসিনীতে’ চুক্তিবদ্ধ হন। গত জুনে শ্রীমঙ্গলসহ কয়েকটি স্পটে ছবির কিছু অংশের শুটিং হয়। স্বপন আহমেদ পরিচালিত এই চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর গল্প এটি। ছবির গল্পে আমার নাম থাকে ম্যাজি। সে একটি ভিনগ্রহের প্রাণী। নানা রহস্য উদ্ঘাটনে সে পৃথিবীতে আসে। এখানে এসে মানুষের প্রেমে পড়ে যায়। এমনই গল্প নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে।’ ভবিষ্যতের ভাবনার কথা জানতে চাইলে এই প্রতিভাময়ী অভিনেত্রী বলেন, ‘ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকের হূদয়ে টিকে থাকতে চাই। সর্বোপরি একজন ভালো অভিনয়শিল্পী হতে চাই।’ ছবি রফিকুল ইসলাম সৌজন্যে লেজার ট্রিট