অ্যালবাম

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
বন্ধু কারে কই লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে আমিনুল হকের একক অ্যালবাম ‘বন্ধু কারে কই’। বারটি লোকস্বাদের মৌলিক গানের নিয়ে এই অ্যালবাম। বিজ্ঞান আর প্রযুক্তি মানুষকে যত না কাছাকাছি এনেছে তার চেয়ে বেশি তৈরি করেছে একাকিত্ব। বন্ধুত্বের ফাঁকি, সামাজিক নৈরাজ্য, ভালোলাগার চিরন্তনী, প্রিয়জনে সম্পর্কচ্ছেদ, প্রেমহীনতা, মানবিক শংকা, সংসার বন্ধনে বৈরাগ্যের হাতছানি, বদলে যাওয়ার মর্মমীড়া, একক অভিষ্ঠ সমর্পণের আকাঙ্ক্ষা, রূপমুগ্ধতা, শ্রেণীচেতনা এইসব পাঁচ মিশেলী বিষয় অকপট প্রকাশের পথ খুঁজতে চেয়েছে এই অ্যালবামের গানগুলো। সব শ্রেণীর পেশার মানুষের কাছে জনপ্রিয় করে তোলাই আমিনুল হকের উদ্দেশ্য। সেটা কতটা সফল হয়েছে, দায়িত্ব শ্রোতাদের। শুদ্ধ সংগীতের শ্রোতারা সেটা পছন্দ করবেন বলাই বাহুল্য। পিতা ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘পিতা’র গানগুলো নিয়ে প্রকাশিত হয়েছে অ্যালবাম ‘পিতা’। মাসুদ আখন্দের পরিচালিত এই চলচ্চিত্রে গান গেয়েছেন হালের জনপ্রিয় কয়েকজন শিল্পী। এদের মধ্যে রয়েছে মেহের আফরোজ শাওন, কনা, সায়ান, চঞ্চল চৌধুরী, পলাশ, পান্থ কানাই আর খুদে শিল্পী তুর্জ। মোট সাতটি গান রয়েছে অ্যালবামে, এর মধ্যে রয়েছে ‘এইবার এইবার’, ‘একের ভিতর দুই’, ‘আয়না রে’, ‘নদীর এক কুল’, ‘সাত পুরুষের মাটি আমার’, ‘সকাতরে কাঁদিছে সকলে’, ‘চিতার আগুন’। গানগুলোর ক্যারাওকে ভার্সন যুক্ত করা হয়েছে বাড়তে আকর্ষণ হিসেবে। ছবি মুক্তির আগেই গানগুলো সবার মন কাড়বে এমনটাই মনে করছেন ছবির পরিচালক মাসুদ আখন্দ। শুধু তুমি শাওন ও রানার ‘হূদয়ে হূদয়ে’র সফলতার পরে তরুণ প্রজন্মের কয়েকজন গীতিকার ও শিল্পীর গান নিয়ে তারা করেছেন অ্যালবাম ‘শুধু তুমি’। লেজার ভিশনের ব্যানারে বাজারে আসা অ্যালবামটিতে রয়েছে মোট নয়টি গান। ‘শুধু তুমি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব হোসেন। এ ছাড়াও অরিনের সাথে গানটির দ্বৈত ভার্সনও রয়েছে অ্যালবামটিতে। এ ছাড়াও গান করেছেন ইরা, এস এ সুজন, সোনিয়া, সোহেল, বর্ণা, সুজয়। অ্যালবাম সম্পর্কে শাওন ও রানা জানান, অ্যালবামটি তরুণ প্রজন্মের রুচি ও মানসিকতাকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। এই সময়ের অনুভূতিগুলোকেই গানে প্রকাশ করা হয়েছে।