নতুন ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছে চলচ্চিত্রাভিনেত্রী নিপুণ। নায়লা নামের এক তরুণীর ভূমিকায় নতুন ধারাবাহিক নাটক ‘রেড সিগন্যাল’-এ অভিনয় করবেন তিনি। নাটক প্রসঙ্গে অভিনেত্রী নিপুণ বলেন, ‘সেজান ভাইয়ের সাথে গত দুই ঈদের দুটি কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আরও একটি ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই ‘রেড সিগন্যাল’-এ অভিনয় করছি। আশা করছি, দর্শক নাটকটি এনজয় করবেন।’ ‘রেড সিগন্যাল’ প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘আমার অন্যান্য নাটকের মতোই এতে হিউমার থাকবে, স্যাটায়ার থাকবে। সর্বোপরি জীবনবোধের অনুষঙ্গ হিসেবে চারপাশের চেনা মানুষ, চেনা সংকট আর অচেনা সম্ভাবনার নাটকটি দর্শকের ভালো লাগবে।’ মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘রেড সিগন্যাল’ বাংলাভিশনে প্রচার হবে প্রতি সপ্তাহে রোববার ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে। আর নাটকটির সম্প্রচার শুরু হচ্ছে ৬ জানুয়ারি থেকে।
