দর্শকনন্দিত অভিনেত্রী মিতা নূর আবার মডেলিংয়ে ফিরেছেন। দীর্ঘ ১০ বছর পর তিনি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। ‘সানবি ক্র্যাকার্স’ নামের একটি বিস্কুট ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্র এটি। এতে তার বিস্কুটপ্রীতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কাজল। চলতি মাসের প্রথম সপ্তাহে শিশু পার্কে এর শুটিং হয়েছে। এখন বিজ্ঞাপনটির এডিটিং চলছে। কিছুদিনের মধ্যেই প্রচার শুরু হবে। মিতা নূর বিজ্ঞাপনচিত্রে মডেল হতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও মানসম্মত থিম এবং পারিশ্রমিকের অভাবে দীর্ঘ সময় তিনি বিজ্ঞাপন করেননি। তবে এবার তার ব্যাটে-বলে মিলে গেছে। তাই নির্মাতার প্রস্তাবে তিনি এক বাক্যে রাজি হয়ে গেছেন। এ প্রসঙ্গে মিতা নূর বলেন, ‘বিজ্ঞাপনের থিমটি বেশ চমত্কার। আশা করছি, সবার ভালো লাগবে। এ ধরনের বিজ্ঞাপন পেলে আমি আবার মডেলিংয়ে নিয়মিত হব।’ এ বিজ্ঞাপনে মিতা নূর ছাড়াও আরও মডেল হয়েছেন, প্রবীর মিত্র, দিলারা জামান, আব্দুল কাদের, শিশির, স্নেহা প্রমুখ।
