উঠে আসার গল্পে...

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
সংস্কৃতি অঙ্গনের প্রতি ছোটবেলা থেকেই ছিল তার দুর্বার আকর্ষণ। অভিনয় শেখার তাগিদে ২০০৪ সালে নাট্য সংগঠন ‘নাট্যকেন্দ্র’-এ যোগদান করেন। কিছুদিন পর তার ইচ্ছা জাগে ক্যামেরার পেছনে কাজ করার। প্রয়াত নির্মাতা তারেক মাসুদের সাথে কাজ শুরু করেন সহকারী হিসেবে। পাশাপাশি চলতে থাকে অভিনয়ও। অভিনয়ের মুগ্ধতায় নিজেকে জড়িয়েছেন বলেই অল্প সময়ে ভালো কিছু চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন। বিশেষ করে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সাতকাহন’ ধারাবাহিকে বেলায়েত চরিত্রে কাজ করে আলোচনায় আসেন। এরপর তৌকীর আহমেদের পরিচালনায় ‘চন্দ্রমগ্ন’ ও অরণ্য আনোয়ারের ‘রূপকথা’ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য এক খণ্ডের নাটকগুলো হলো—হাবীব মাসুদের পরিচালনায় ‘সিক্সটিন মাইলস’, রহমতুল্লাহ তুহিনের ‘বাঘবন্দি খেলা’, সৈয়দ মাসুম রেজার ‘জান তত্ত্ব’ প্রভৃতি। আর ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে—গোলাম মুক্তদীরের ‘আমাদের শার্লক হোমস’। রাজিব অভিনীত বর্তমানে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে গোলাম সোহবার দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ক্যাফেটেরিয়া’ এবং এনটিভিতে অঞ্জন আইচের পরিচালনায় ‘শূন্য সমীকরণ’। খুব শিগগিরই প্রচার শুরু হবে তৌকীর আহমেদের পরিচালনায় টেলিফিল্ম ‘এই সব পাখি’ এবং অরণ্য আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বুকে তার চন্দনের ঘ্রাণ’ ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ‘চুপকথা’। সামনে আরও কয়েকটি নাটকে অভিনয় করবেন। এগুলো হলো—অঞ্জন আইচের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘চন্দ্রাবতী’ ও ‘জলফড়িংয়ের গল্প’ এবং আরও কয়েকটি ধারাবাহিক ও এক খণ্ডের নাটক। নিজের অভিনীত চরিত্রগুলো সম্পর্কে বলতে গিয়ে রাজিব সালেহীন বলেন, ‘গতানুগতিক চরিত্রের বাইরে ভিন্ন মাত্রার চরিত্রের প্রতি আমি সব সময়ই দুর্বল।’ তিনি আরও বলেন, ‘অভিনয়ের জন্য চরিত্রকে বোঝা ও পর্যবেক্ষণ করার ক্ষমতা একজন অভিনেতা বা অভিনেত্রীর মধ্যে থাকতে হবে। আমি বরাবরই কোনো একটি চরিত্রে অভিনয় করার আগে স্ক্রিপ্ট ভালোভাবে পড়ি। এরপর ওই চরিত্রটি নিজের ভেতর ধারণ করি। সেইসাথে একজন অভিনেতা বা অভিনেত্রী যদি পাঁচটি বিষয়কে ভেবে তার চরিত্রের অবস্থান ঠিক করে, তবে ওই চরিত্র সহজেই রূপদান করা যায়। আর পাঁচ বিষয় হলো—সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষাগত ও পারিবারিক অবস্থান।’ ইতোমধ্যে তিনি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। বর্তমানে তানভীর মোকাম্মেলের পরিচালনায় ‘জীবনঢুলি’ ছবিতে অভিনয় করছেন। এ ছাড়া গোলাম মুক্তদিরের পরিচালনায় ‘এ সিক্সটি মিনিট’ চলচ্চিত্রে অভিনয়ের কথা রয়েছে। তার ইচ্ছা চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্র একজন অভিনয়শিল্পীকে অনেকদিন বাঁচিয়ে রাখে। তাই আমি অভিনয়শিল্পী হিসেবে দর্শকহূদয়ে বেঁচে থাকতে চাই দীর্ঘ সময়।’