শাহজাদপুরে ‘গীতাঞ্জলি যাত্রা’ শীর্ষক রবীন্দ্র আলেখ্য অনুষ্ঠিত হয়েছে। মহানন্দা ও দক্ষিণায়নের যৌথ আয়োজনে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে গত ৬ জানুয়ারি রাতে এ আলেখ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলাম ও ড. আনন্দ গুপ্ত। সন্ধ্যায় রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে হাজারো রবীন্দ্র ভক্ত ও অনুরাগীদের সরব উপস্থিতিতে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী। মহানন্দার আহ্বায়ক রাজেশ্বরী প্রিয়রঞ্জিনীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ কুমার সরকার। গোটা অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কাজী শওকত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘গীতাঞ্জলি যাত্রা’ শীর্ষক রবীন্দ্র আলেখ্যানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লিলি ইসলাম ও ড. আনন্দ গুপ্ত। সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করেন মহানন্দা ও নৃত্যলোকের শিল্পীবৃন্দ। এ ছাড়া ড. আনন্দ গুপ্তর সংগীত ও ধারা বর্ণনার পাশাপাশি প্রজেক্টর স্ক্রিনে রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ’ চলচ্চিত্রের অংশ বিশেষ দেখানো হলে উপস্থিত হাজারও দর্শক ও ভক্ত অনুরাগীদের মুহুর্মুহু করতালিতে কাচারিবাড়ি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রচণ্ড শীত উপেক্ষা করে কাছারিবাড়ি প্রাঙ্গণ ছিল রবীন্দ্র ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। দর্শকদের অনুরোধের রাত প্রায় ১০টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন ড. আনন্দ গুপ্ত ও লিলি ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পী বায়জিদ হোসেন, মেজবাহ্ রানা, জলি পোদ্দার ও নাজমুল হোসেন মিলন রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।
