রবিবার থেকে শুরু হচ্ছে গার্মেন্টস এক্সেসরিজের প্রদর্শনী

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৪০
আগামী রবিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে গার্মেন্টস এক্সেসরিজ ও প্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী ‘গার্মেন্টেক-২০১৩’। চারদিনব্যাপী এ মেলা আয়োজন করছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, একই সময় এ মেলায় গ্যাপেক্সপো ও চতুর্থ আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার শো নামে আরো দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এসব প্রদর্শনীতে দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০টি স্টল থাকবে। এসব স্টলে গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্যের মেশিনারিজ, কাঁচামাল, প্যাকেজিং প্রতিষ্ঠানের উত্পাদিত পণ্য প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারত, পাকিন্তান, চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাই, ফ্রান্স, জাপান, যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশ অংশ নেবে। রাফেজ আলম চৌধুরী জানান, গত অর্থ বছরে এ শিল্প ৩৭৫ কোটি মার্কিন ডলারের এক্সেসরিজ পণ্য রপ্তানি করেছে। সরকারের নীতি সহায়তা পেলে আগামী ২০১৮ সাল নাগাদ ১ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত করা যাবে। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর সহসভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, মাজহারুল হক সহিদ, প্রদর্শনী আয়োজক কমিটির চেয়ারম্যান হাসানুল করিম, আয়োজক প্রতিষ্ঠান এস কে ট্রেড ইন্টারন্যাশনাল-এর পরিচালক নন্দগোপাল ও জাকারিয়া ট্রেড-এর প্রধান নির্বাহী টিপু সুলতান প্রমুখ।