স্বাস্থ্য-সমস্যা কাটিয়ে উঠতে না পারায় ভেনিজুয়েলার নব-নির্বাচিত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ তার অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্ধারিত দিনে অংশ নিতে পারছেন না। ফলে এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে। দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। আইণ প্রণেতাদের ভোটে এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। খবর আল-জাজিরা, বিবিসি ও রয়টার্সের
ভেনিজুয়েলার আইন প্রণেতাদের উদ্দেশ্যে গতকাল বুধবার দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাঠানো এক চিঠিতে বলা হয়েছে—প্রেসিডেন্ট শ্যাভেজ জানিয়েছেন, তার চিকিত্সকরা মনে করেন অস্ত্রোপচার পরবর্তী জটিলতা নিরসনে তাকে আরো কিছুদিন চিকিত্সাধীন থাকতে হবে, যা ১০ জানুয়ারি অতিক্রম করবে। ফলে তিনি নির্ধারিত দিন অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। পরবর্তী সময় নতুন তারিখ ঘোষণা করা হবে।
মাদুরোর চিঠিতে অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের নতুন তারিখের সম্ভাবনার ঘোষণা থাকলেও এর সুনির্দিষ্ট সময় এবং শ্যাভেজ কবে নাগাদ দেশে ফিরতে পারবেন সেসব বিষয়ে উল্লেখ করা হয়নি। তবে তিনি জানান নতুন মেয়াদে শপথ গ্রহণের আগ পর্যন্ত শ্যাভেজ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে যাবেন। জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের আগে শপথ না নিতে পারলে পরে সর্বোচ্চ আদালতের বিচারপতির কাছে শ্যাভেজ শপথ নিতে পারবেন, যা সংবিধান পরিপন্থী হবে না।
