বলিউডের এ সময়ের সেরা হিরোইন ‘হিরোইন’খ্যাত কারিনা কাপুর এখন ‘সত্যগ্রহ’ ছবিতে কাজ করছেন। ছবিটি পরিচালনা করছেন প্রকাশ ঝা। এতে কারিনা কাপুরসহ আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, অর্জুন রামপাল ও মনোজ বাজপাই। মাত্র ক’দিন হলো এই ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন কারিনা। এরইমধ্যে কারিনা জানিয়েছেন ছবিটি নিয়ে তার প্রত্যাশার কথা। সম্প্রতি এক সাক্ষাত্কারে কারিনা কাপুর বলেন, ‘আমি এখন ‘সত্যগ্রহ’ ছবিতে কাজ করছি। এর শুটিং চলাকালীন আমি আর কোনো কাজ করব না। আমি বলব ছবিটি এ বছরের সেরা ছবি হবে। এতে অমিত জি’র মতো প্রখ্যাত অভিনেতাও আছেন। রাজনীতি নিয়ে নির্মিতব্য এই ছবিটিতে আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ছবিটি মানুষকে ভাবতে সাহায্য করবে। আমি ‘হিরোইন’ ছবিটি নিয়ে ব্যাপক প্রত্যাশা করেছিলাম। কিন্তু ছবিটি থেকে প্রত্যাশিত ফলাফল পাইনি। হয়তো গল্প পরিবর্তন করার কারণেই এই ঘটনাটি ঘটেছে। কিন্তু ‘সত্যগ্রহ’ আমি বলব এ বছরের সবচেয়ে সফল ছবি হবে। যদিও এর কিছুদিন আগে আমির খানের ‘ধুম ৩’ মুক্তি পাবে। উল্লেখ্য, ‘সত্যগ্রহ’ ছবিটি আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে।
