‘মিউজিক আওয়ার’-এ সেঁজুতি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:০৭
আজ রাত ১১টা ১৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে সাপ্তাহিক ফোনোলাইভ কনসার্ট ‘দিগন্ত মিউজিক আওয়ার’। জনপ্রিয় এ অনুষ্ঠানে দেশের বরেণ্য সব শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল নবীন শিল্পীরাও অংশগ্রহণ করে থাকেন। মিউজিক আওয়ারের এ পর্বে অংশগ্রহণ করবেন নবীন কণ্ঠশিল্পী মৌমিতা হক সেঁজুতি। সেঁজুতি গাইবে পঞ্চকবির গান, ঠুমরি, গজল ও সোনালি দিনের নির্বাচিত গান। সংগীতের প্রাতিষ্ঠানিক প্রাথমিক শিক্ষা শেষে সেঁজুতি এখন শাস্ত্রীয় সংগীতে তালিম নিচ্ছেন ওস্তাদ সঞ্জীব দে’র কাছে। প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে ইতোমধ্যেই সংগীতপ্রেমী শ্রোতার কাছে প্রিয়মুখ হয়ে উঠেছেন সেঁজুতি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল-অভিনেতা আলিফ। নবীন এই কণ্ঠশিল্পী দিগন্তের স্টুডিওতে উপস্থিত থেকে ফোনে দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন, দর্শকদের অনুরোধে গান পরিবেশন করবেন এবং শেয়ার করবেন সংগীত নিয়ে তার ভবিষ্যত্ পরিকল্পনার কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন বদিউর রহমান সোহেল।