ডাচ কোচদের পারিশ্রমিক নিয়ে দরকষাকষি চলছে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:০৮
ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ এবং রেনে কোস্টার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিনের প্রায় পাকা আলোচনার সুবাদেই ঢাকায় এসেছিলেন ডাচ কোচদ্বয়। অর্থনৈতিক আলোচনাটি মোটামুটি চুড়ান্তই ছিল। কিন্তু ঢাকায় এসে তারা এখন বাড়তি টাকা চাইছেন। বাফুফে খোলাসা করেনি এরা কত টাকা চাইছেন বা কত টাকা প্রস্তাব দেয়া হয়েছিল। তবে জানা গেছে এদের সাথে দুই বছরের চুক্তিতে বাফুফেকে অন্তত দুই কোটি টাকা অতিরিক্ত গুণতে হবে। শুধু পারিশ্রমিকই নয় কোচ দু’জনের ঢাকায় গুলশানে বাড়ি দিতে হবে। সেটা কেমন বাড়ি হবে তাও গিয়ে দেখে এসেছেন তারা। থাকা এবং তাদের সন্তানদের লেখাপড়ার খরচও দিতে হবে বাফুফেকে। তাদের সন্তানরা কানাডিয়ান স্কুলে পড়বে। এজন্য সেই স্কুলের প্রিন্সিপালের সাথে দেড় ঘন্টা আলোচনা সেরেছেন কোচ ক্রুইফ। কোন হাসপাতালে চিকিত্সা নেবেন সেটা তারা জানতে চেয়েছেন। এ জন্য গুলশানের ইউনাইটেড হাসপাতালও দেখে এসেছেন। তারপরও বাফুফে এসব মেনে নিয়েই চুক্তি করতে চাইছে। আলোচনা চলছে দফায় দফায়। কিন্তু ঠেকেছে গিয়ে পারিশ্রমিকে। সালাহউদ্দিন বললেন ‘অতিরিক্ত ব্যয় হবে দুই কোটি টাকা। এখনও চুক্তি হয়নি। যে কোনো সময় চুক্তি হতে পারে।’ ডাচ কোচরা গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ও বিজেএমসির খেলা দেখতে গিয়েছিলেন। তারা ট্রাফিক জ্যামে পড়ে স্টেডিয়ামে পৌছেছেন খেলার বিরতি সময়ে। দ্বিতীয়ার্ধের খেলায় তারা আগে থেকে ধারণা পাওয়া জাতীয় দলের খেলোয়াড়দের উপর নজর রাখলেন। কোচের সাথে এখনও চুক্তি সম্পন্ন না হলেও কোচের হাতে নোটবুকে অনেকের নাম উঠে গেছে। খেলাটির পর কোচের সাথে সংবাদ মাধ্যমের সাথে কথা হয়। কিন্তু কোচ লোডভিক ডি ক্রুইফ সব কথা বলতে নারাজ। তার প্রথম কথা হচ্ছে-‘এখনই কিছু বলা যাবে না। সব কিছু বলার সময় আসেনি।’ তারা খেলোয়াড়দের সম্পর্কে বলেছেন জাতীয় দলের খেলোয়াড়দের ইতিবাচক মনে হয়েছে। বাংলাদেশে কেন আসতে চাইলেন এমন প্রশ্নের জবাবে কোচ বলেন ‘এখানে ফুটবল পরিকল্পনার কথা শুনে আগ্রহ তৈরি হয়েছে।’ একজন জাতীয় দলের কোচ হবেন। আরেকজন রেনে কোস্টার তার সহযোগি হলেও মুলত দায়িত্ব পালন করবেন ফুটবল একাডেমিতে। দুজনই এখনও তাদের দেশের ক্লাবের সাথে চুক্তিবদ্ধ। ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন এর সাথে আরো এক বছরের চুক্তি রয়েছেকোচ ক্রুইফের । আর আয়াক্সের অন্তর্ভৃুক্ত একটি ফুটবল একাডেমির সাথে রেনে কোষ্টারের চুক্তি এ বছরের জুলাই পর্যন্ত। তাহলে বাংলাদেশের সাথে কাজ করবেন কিভাবে। সে ব্যাখা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি বলেন, ‘ওদেরকে আনতে হলে কিনে আনতে হবে। সেই টাকাও আমাদেরকে বহন করতে হবে।’ প্লেনের টিকিট না পাওয়ায় আজ ডাচ কোচরা সড়ক পথে সিলেটে যাবেন ফুটবল একাডেমি দেখতে। বাফুফে সভাপতি ভয় পাচ্ছেন সিলেটে ডাচ কোচ থাকতে পারবেন কিনা। কোচ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘৭৪ বিশ্বকাপ ফুটবলে খেলা হল্যান্ড দলের খেলোয়াড় আরিয়ানকে নিতে চেয়েছিলাম। কিন্তু তার বয়স অনেক বেশি। সে পরিশ্রম করতে পারবে না। অথচ বেতনও প্রায় একই। ক্রুইফ বয়সে কম। পরিশ্রম করতে পারবে। এজন্যই তাকে নিয়ে চাইছি।’