টুটুল চৌধুরী অভিনীত ‘সুপারম্যান :একজন সংক্ষুব্ধ মানুষের গল্প’ নাটকটি আজ প্রচার হবে বিটিভিতে রাত ৯টায়। মেজবাউদ্দিন সুমন রচিত ও মিজানুর রহমান লাবু পরিচালিত এই নাটকের গল্প একটু ভিন্ন স্বাদের। একটি সুবোধ ভদ্রলোক চিন্তা চেতনায় আধুনিক, বিদ্যা বুদ্ধিতে পরিপূর্ণ। সব কিছু ঠিকঠাক কিন্তু মানবতার মহান গুণ সাহসের অভাবে নিজের ন্যূনতম অধিকার সংরক্ষণ করতে ব্যর্থ হয়। ঘুষখোর বসের নির্দেশে দেশের স্বার্থবিরোধী ফাইলে স্বাক্ষর করে। তার চোখের সামনে তারই প্রিয়তমাকে বস ক্ষমতার অপব্যবহার করে বেড়াতে নিয়ে যায়। বাড়িওয়ালা অবৈধ মালামাল রাখার জন্য তার ঘরটি গোপন গুদাম হিসেবে ব্যবহার করে। সে নীরবে সব সহ্য করে কারণ তার সাহস নামের মন্ত্রটি নেই।
