শীত ও কুয়াশার অজুহাতে চালের দাম বাড়ানো হয়েছে :খাদ্যমন্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১৩
গত কয়েকদিনে চালের দাম কিছুটা বাড়লেও এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, শীত ও কুয়াশার ওজুহাতে মিল মালিক ও আড়ত্দাররা দাম বাড়িয়েছে। খোঁজ নিয়ে দু’চার দিনের মধ্যে দাম বাড়ার কারণ জানাতে পারবো। তবে চালের দাম বাড়লেও ধানের দাম বাড়েনি জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কৃষক ধানের দাম পাচ্ছে না। এটা মোটেই মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রীও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। গতকাল বুধবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী তার নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে খাদ্যমন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত খেরবেন সুরড ডা ইয়াং সাক্ষাত করেন। এ সময় নেদারল্যান্ডস দূতাবাসের খাদ্য নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি জান ইউলিয়াম উপস্থিত ছিলেন। কৃষককে সহায়তা করতে সরাসরি ভুর্তকি দেওয়া প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, প্রতি কেজি ইউরিয়া সারে সরকার ২০টাকা ভুর্তকি দিচ্ছে। এর বেশি ভর্তুকি দিলে বিদ্যুত্, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসবে। এছাড়া নানা ঝামেলার কারণে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা যাচ্ছে না। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আলুর উত্পাদন ভাল হলেও এর পরিমাণ আরো বাড়ানোর সুযোগ রয়েছে। সমপ্রতি বাংলাদেশে নিরাপদ খাদ্য বিষয়ক ল্যাবরেটরি স্থাপনে সহায়তা দেয়া হয়েছে। বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজতকরণ প্লান্ট স্থাপনে নেদারল্যান্ডসের ব্যবসায়ীদের অনুরোধ জানানো হবে।