উপজেলা পরিষদ এসোসিয়েশনের কনভেনশন শনিবার

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১৩
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদ এসোসিয়েশন অব বাংলাদেশ (উজপ্যাব) কনভেনশন আগামী শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর বিএমএ অডিটরিয়ামে আয়োজিত এ কনভেনশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক, মঈনুদ্দীন খান বাদল, ফজলে হোসেন বাদশা, বেগম রওশন এরশাদ। এছাড়া সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, ম্যাব-এর সভাপতি মেয়র আজমতুল্লা খান এবং বিইউপিএফ-এর সভাপতি মাহবুবুর রহমান টুলু প্রমুখ। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উজপ্যাবের সভাপতি ফয়জুর রহমান ফকির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজপ্যাব মহাসচিব আতাউর রহমান আতা, ঢাকা বিভাগীয় প্রেসিডেন্ট গোলাম রাব্বানি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন ফকু, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।