ওয়েটিং পেলে আমি আর ফোন করবো না,
দীর্ঘক্ষণ নয়, দীর্ঘদিন।
বা, আর কোনোদিন।
না, কার সঙ্গে কথা হচ্ছে
তা নিয়ে আমার আদৌ কোনো কৌতূহল নেই।
বা, কথোপকথনের দৈর্ঘ্য মাপার কোনো ইচ্ছে।
একজন মৃত মানুষ ফিরে এলে আমরা বিব্রত হতে পারি
কিন্তু পুরোনো ভালোবাসা ফিরে এলে কেউ বিব্রত হয় না।
একদিন যাকে সর্বস্ব দিয়েছিলে, তাকে তুমি সর্বস্বান্ত
করতে পারবে না।
মুখ ফুটে যে বলেনি ভালোবাসি, তার নীরবতার অর্থ
তোমার চেয়ে বেশি কেউ জানে না। তুমি জানো,
সে-ও জানে, আমিও জেনেছি। এখন সে যদি
পৃথিবীর অন্যপ্রান্ত থেকে বরফ-ঝরা রাতে
সংসারের বাইরে এসে,
গাড়ির ভেতরে বসে
একটি-দুটি কথার ফুল ফোটায়—
আমার কী কর্তব্য আমি জানি। জেনে গেছি—
মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি বা নেত্রনালি বেয়ে আসা জল
কোনো অর্থ বহন করে না।
বাঁধানো ছবিতে কিছুদিন শেফালি বা সন্ধ্যামালতী
তারপর ধুলো জমে ঝাপসা
তারপর তৈজসের আড়াল। তারপর
একদিন দূরের কোনো আবর্জনা-স্তূপে।
কেউ কেউ ফিরে আসে পুরোনো প্রেমের অধিকার নিয়ে
সকলে ফেরে না। মৃতরা ফেরা না।
