পুনরায় পূর্ণিমা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
দীর্ঘদিন ধরেই ছবি পাড়ায় পূর্ণিমার সময় খুব একটা ভালো যাচ্ছিল না। তাই নাটকে ব্যস্ত হয়েছিলেন। এর ভেতর ইফতেখার আহমেদ ফাহমীর ‘টু বি কন্টিনিউ’ ছবিটি মাঝপথে এসে আটকে থাকলে আরও একধরনের অনিশ্চয়তা দেখা দেয়। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই ছবিটির ২০১১ সালে কিছুদিন শুটিং হলেও ২০১২ সালে কোনো শুটিং হয়নি। নির্মাতা মারফত তখন জানা গিয়েছিল যে, ছবিটির নায়ক তাহসানসহ ইউনিটের একাধিকজন অসুস্থ হয়ে পড়ায় আর শুটিং করা সম্ভব হয়নি।’ বলা যায় নির্মাতা মোস্তফা কামাল রাজের নাটক ‘ইডিয়ট’ ও চলচ্চিত্র ‘ছায়া-ছবি’ই পূর্ণিমাকে মিডিয়াতে কিছুটা হলেও সচল রেখেছিল গেল বছর। তবে এবারে সেই সচলতা থেকে বেশ ভালো ব্যস্ততায় ফিরছেন পূর্ণিমা। নিজের কাজের শিডিউলও এখন প্রায় পূর্ণ। বেশ কটি ডিজিটাল ছবির কাজে কথা চলছে। পাশাপাশি এ বছরই ‘ছায়া-ছবি’ রিলিজ হবে এবং আটকে থাকা ‘টু বি কন্টিনিউ’ ছবিটিরও কাজ শুরু হবে। এ ছাড়া চ্যানেল নাইনের ধারাবাহিক ‘ইডিয়টস’-এর কয়েক পর্বের শুটিং শেষ করে আবারও আগামী সপ্তাহ থেকে শুটিং শুরু করবেন বলে তিনি জানান। গেল বছরে নিজের পারিবারিক জটিলতা ও অস্থিরতা কাটিয়ে এ বছর তাই পূর্ণোদ্যমে চলচ্চিত্রে সময় দেওয়ার পরিকল্পনায় এখন পূর্ণিমা।