প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলের বিরুদ্ধে জিততে হলে আরো ৩৬৫ রান করতে হবে। এ খেলায় ড্র পেলেও দক্ষিণাঞ্চল চলে যাবে ফাইনালে। অপরদিকে সুবিধাজনক অবস্থানে থাকা উত্তরাঞ্চল যদি প্রত্যাশিত জয় পায় সেক্ষেত্রে তারাই যোগ দেবে প্রথমবারের মতো আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চারদিনের এ লিগের শিরোপা লড়াইয়ে। বগুড়ায় কাল পর্যন্ত খেলার যে চিত্র ছিল তাতে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের মধ্যকার খেলাটি দৃশ্যত ড্র হতে যাচ্ছে। ফলে ওয়ালটনের ফাইনালও প্রায় নিশ্চিত। কেননা এই ম্যাচের আগ পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল মধ্যাঞ্চল।
গতকাল বৃহস্পতিবার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে উত্তরাঞ্চল ৪৪৯ রানের টার্গেট দিলে দলটি স্টাম্প তোলার আগে দুই উইকেট হারিয়ে ৮৪ রান করে। খারাপ আবহাওয়ায় আলোর স্বল্পতায় খেলাটি থেমে যাওয়ার সময় ওপেনার সৌম্য সরকার ও ফজলে রাব্বি যথাক্রমে ৩৭ ও ৩০ রানে অপরাজিত ছিলেন। সাজেদুল ইসলাম ও ফরহাদ হোসেন একটি করে উইকেট নেন।
এর আগে উত্তরাঞ্চল পুরনো সঞ্চয় তিন উইকেটে তোলা ১২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। দলটি ৮১.৪ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৬২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করলে দক্ষিণাঞ্চল জয়ের জন্য পায় ৪৪৯ রানের টার্গেট।
মুশফিকুর রহিম ৮৯ রান করে দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ গড়েন। তার ১৬২ বলের ইনিংসে ছিল আট বাউন্ডারির মার। নাইমুল ইসলাম ৯৮ বলে তিন বাউন্ডারির মারে ৪৭ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন। এরপর নাসির হোসেন (৮৮) ও ফরহাদ হোসেন (অপরাজিত ৭৫) ঝড়ো ব্যাট চালালে উত্তরাঞ্চল দুরহ টার্গেটটি দিতে সক্ষম হয় দক্ষিণাঞ্চলকে।
আব্দুর রাজ্জাক ছাড়া দক্ষিণাঞ্চলের অন্য বোলাররা সাফল্য দেখাতে পারেননি। রাজ্জাক তিন উইকেট নেন ১২৯ রানের খরচায়। অন্য বোলারদের মধ্যে ইমরুল কায়েস, সোহাগ গাজি ও রবিউল ইসলাম যথাক্রমে ১৫, ৩৪ ও ৬২ রানে একটি করে উইকেট পান।
বিসিবি উত্তরাঞ্চল ২৯১ ও ৩৬২/৭ ডিক্লেয়ার (মুশফিকুর ৮৯, নাসির ৮৮, ফরহাদ অপরাজিত ৭৫, নাঈম ৪৭, রাজ্জাক ৩/১২৯, ইমরুল ১/১৫, সোহাগ ১/৩৪, রবিউল ১/৬২)।
প্রাইম ব্যাংক দক্ষিনাঞ্চল প্রথম ইনিংস- ২০৫ ও ৮৪/২ (সৌম্য সরকার , রাব্বি অপরাজিত ৩০, সাজেদুল ১/১৪, ফরহাদ ১/৩৮)।
