ব্যালন ডি’অরের পুরস্কারে আবারো মেসির কাছে পরাজিত হওয়ার পর জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকে ভর করে দশ জনের দল নিয়েও রিয়াল মাদ্রিদ গত বুধবার কোপা ডেল রে তে সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্যান্তিয়েগো বার্নাব্যুতে ফিরতি লেগের এই ম্যাচে প্রায় ৬১ হাজার সমর্থকের সামনে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ হোসে মরিনহোর দল।
পর্তুগালের এই ফরোয়ার্ড, গত সোমবার ফিফা ব্যালন ডি‘অর জিততে না পারলেও রানার আপ হয়েছেন। আর্জেন্টিনা ও বার্সেলোনার সুপার স্টার লিওনেল মেসি রেকর্ড টানা চতুর্থবারের মত বর্ষসেরা নির্বাচিত হন। শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে রোনালদো ২৫ মিনিটের মধ্যে সেল্টা ভিগোর জালে দুইবার বল জড়িয়ে দেন। মাদ্রিদ তারকা রোনালদোর তৃতীয় গোলটি ৮৭ মিনিটে। দলের হয়ে অপর গোলটি করেন সামি খেদিরা এর দুই মিনিট পর। কিন্তু ৭২ মিনিটে জোড়া হলুদ কার্ড নিয়ে সার্জিও র্যামোস মাঠ ছাড়লে দশজনের মাদ্রিদে পরিণত হয় মরিনহো বাহিনী।
রিয়াল মাদ্রিদ দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে ভিগোকে হারিয়ে শেষ আটে পৌঁছালো। শেষ আটে আগামী ১৬ জানুয়ারি প্রথম লেগে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। ভ্যালেন্সিয়ার মাঠে ফিরতি লেগের ম্যাচটি ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রিয়াল মাদ্রিদের ডিরেক্টর এমিলিও বাট্রাগুয়েনো স্প্যানিশ টেলিভিশনে রোনালদোর অসাধারণ নৈপুণ্যের প্রশংসা করেন।
রিয়াল জারাগোজা নিজেদের মাঠে ২-০ গোলে হারায় লেভান্তেকে। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে শেষ আটে জারগোজা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সেভিয়া। গত ২০১০ সালের চ্যাম্পিয়ন সেভিয়া কোন বিপর্যয়ে পড়েনি। কারণ তারা প্রথম লেগে প্রতিপক্ষ রিয়াল মার্য়োকার মাঠে ৫-০ গোলে জিতেছিল। ফলে ফিরতি লেগে ১-২ গোলে হেরে গেলেও পরবর্তী রাউন্ডে যেতে তাদের যেতে কোন সমস্যা হয়নি। ৬-২ ব্যবধানে জিতে কোয়ার্টারে সেভিয়া।
কোপা ডেল রে হোসে মরিনহোর দলের জন্য গুরুত্বপূর্ণ। লা লিগায় বার্সেলোনা থেকে রিয়াল পিছিয়ে ১৬ পয়েন্ট ব্যবধানে। আবার তারা কোপা ডেল রে তে শেষ ষোলোর প্রথম লেগে ভিগোতে ২-১ গোলে হেরে চাপে পড়ে যায়।
মরিনহো তাই মাঠে নামিয়েছিলেন শক্তিশালী দল। গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ছিলেন শুরু থেকে। গত দুই ম্যাচ যিনি অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বেঞ্চে ছিলেন।
খেলা শুরু হওয়ার আগে ক্যাসিয়াসের নাম দেখে উচ্ছ্বসিত ছিল বার্নাব্যু। মরিনহো হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কারণ গত কয়েকদিন স্থানীয় মিডিয়া ও সমর্থকদের সাথে তার বুঝাপড়াটা ভাল যাচ্ছে না।
গত রবিবার রোনালদোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ লা লিগায় ৪-৩ গোলে হারায় রিয়াল সোসিয়েদাদকে। দলকে ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রাখছেন তিনি।
বুধবারের ফল
সেভিয়া ১ মার্য়োকা ২
রিয়াল মাদ্রিদ ৪ সেল্টা ভিগো ০
রিয়াল জারাগোজা ২ লেভান্তে ০
