ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে সোয়ানসি সিটির বিপক্ষে বুধবার রাতে ২-০ গোলের পরাজয়ে ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে পড়লো ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির। ফলে আগামী ২৩ জানুয়ারি দ্বিতীয় লেগে লিবার্টি স্টেডিয়ামে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে কোচ রাফায়েল বেনিতেজের দলকে।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড স্টেডিয়ামে ব্লুজদের বিরুদ্ধে গোল করেন সোয়ানসি সিটির স্প্যানিশ তারকা মিগুয়েল মিচু ও ড্যানি গ্রাহাম। ৩৯ মিনিটে গোলের সূচনা করেন মিচু। এই মৌসুমে এটাই মিচুর ১৬ তম গোল। শক্তিশালী দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়াকে দারুণ ভাবে কাজে লাগায় সোয়ানসি সিটি। ফিরে আসার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চেলসি। দলের মূল ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস ১৯ বার পায়ে বল পেয়েও ধরে রাখতে পারেননি। ম্যাচের শেষ ভাগে ইনজুরি সময়ে সোয়ানসি সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন গ্রাহাম। এই ম্যাচ হারের ফলে ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালের পথটা অনেক কঠিন হয়ে গেল চেলসির জন্য। তবে ম্যাচ শেষে দলের পরাজয়ের জন্য আক্রমণভাগকে দায়ী করেননি দলের স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজ। সমর্থক ও ফুটবল বোদ্ধারা যেখানে তোরেসের বাজে পারফরমেন্সের দিকে আঙ্গুল তুলছেন সেখানে বেনিতেজ তোরেসকে দোষারোপের পক্ষে নয়। তিনি বলেন, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলতে পারি না। ম্যাচে আমরা অনেকগুলো সুযোগ পেয়েছি; কিন্তু কাজে লাগাতে পারিনি। প্রথমার্ধেই আমাদের দুই থেকে তিনটি গোল করার সুযোগ ছিল। ম্যাচে আমরা মাত্র দুটি গোল করেছি আর সেখান থেকেই সোয়ানসি সিটি গোল করেছে। এটাই বাস্তবতা।’
