অবশেষে মোহামেডানের জয়

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
আবাহনী, মুক্তিযোদ্ধার কাছে হারের পর অবশেষে জয় পেয়েছে মোহামেডান। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে ফেনীর সকার ক্লাবকে হারিয়ে জয়ের মুখ দেখলো। আর এবারও মোহামেডানকে উদ্ধার করলেন ঘানাইয়ান স্ট্রাইকার ওসে মরিসন। ম্যাচের ৩৭ মিনিটে মরিসনের একমাত্র গোল থেকে মোহামেডানকে জয়ের স্বাদ নিতে হয়েছে। জয় নিয়ে মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পঞ্চম স্থান নিয়ে সবার আগে প্রথম পর্ব শেষ করল। মোহামেডান ৮ খেলায়, ৪ জয়, ১ ড্র, ৩ হার এবং ১৩ পয়েন্ট। মোহামেডান গত লিগে ১০ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে প্রথম পর্বে পঞ্চম স্থানে ছিল। আবাহনীর কাছে ২-০, মুক্তিযোদ্ধার কাছে ৪-১ গোলে হেরে মোহামেডান খেলোয়াড়রা সমালোচনার মুখে পড়েছিলেন। বিশেষ করে গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার কাছে বড় ব্যবধানের হারের কারণে মোহামেডানের শিবিরে চাপা ক্ষোভ চলছিল। খেলোয়াড় কোচ কর্মকর্তাদের মধ্যে চলছিল মানসিক দূরত্ব। সেই ম্যাচের খেলোয়াড়দেরকে শোকজও করা হয়েছে। দল গঠন নিয়ে নানা অভিযোগ উঠেছিল টিম মিটিংয়ে। খেলোয়াড়রা অভিযোগ তুলেছিলেন সঠিকভাবে সেরা একাদশ গড়া হয় না। অভিজ্ঞ ফুটবলারদের বাইরে ঠেলে দিয়ে অনভিজ্ঞ ফুটবলারদের সেরা একাদশে রাখা হয়। ফর্ম নেই এমন ফুটবলারকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাছ থেকে প্রয়োজনীয় খেলাটা আদায় করতেও পারছে না। এই সব নিয়ে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছিল ক্লাবের আভ্যন্তরীণ আলোচনায়। সর্ব শেষ সিদ্ধান্ত হলো সকার ক্লাবের বিরুদ্ধে শেষ ম্যাচটি জিততে হবে। মোহামেডান জিতেছে, এটাই তাদের জন্য বড় সান্ত্বনা। পাঁচ ম্যাচ পর আবার সেরা একাদশে চ্যালেঞ্জ নিয়ে ফিরে গোল করিয়েছেন দেশের অভিজ্ঞ মিডফিল্ডার মারুফ আহমেদ। ম্যাচের ৩৭ মিনিটে মারুফের গড়ে দেয়া বিপজ্জনক বলটি থামিয়ে দারুণ এক শটে বল গোলে পাঠান ওসে মরিসন ১-০। এর কিছুক্ষণ পরই মারুফ আচমকা শট করে সকার ক্লাবের গোলকিপার মাসুদ আহমেদ উজ্জলকে কাঁপিয়ে দিয়েছিলেন। উজ্জল কর্ণার করে বল বাইরে ফেলেন। মোহামেডানের স্ট্রাইকিং পজিশনে গাম্বিয়ার কলি উসমান, নাইজেরিয়ান অগাষ্টিন এবং ঘানাইয়ান ওসে মরিসনের মধ্যে সমঝোতার অভাব ছিল। তা না হলে মোহামেডান আরো বড় ব্যবধানে ম্যাচটা জিততে পারত। মরিসনের গোলটি ভাগ্য গড়ে দিলো। দুই ম্যাচ আগে আরামবাগের বিরুদ্ধে গোল করে জিতিয়েছিলেন তিনি। তারও আগে বিজেএমসির বিরুদ্ধে ১-০ গোলে হারতে থাকা ম্যাচটির শেষ মুহূর্তে মরিসনের গোলটি নিশ্চিত হার থেকে বাঁচায় মোহামেডানকে। লিগে নিজেদের প্রথম ম্যাচে মরিসনের গোলে ব্রাদার্সকে ৩-০ ব্যবধানে হারায় মোহামেডান। এখন পর্যন্ত ওটাই লিগের একমাত্র হ্যাটট্রিক মরিসনের। চার ম্যাচে ১০ পয়েন্ট এনে দিয়েছেন তিনি। মোহামেডান আট ম্যাচের নয় গোলের মধ্যে এই ঘানাইয়ান হিরো মরিসন করেছেন সাতটি। এখন পর্যন্ত তিনিই শীর্ষ গোলদাতা। শেখ জামালের মাইক ওতোজারেরি ৪টি, সানডে চিজোবা ৪টি, আবাহনীর শাখাওয়াত রনি ৪টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। সকার ক্লাবের কোচ মাহমুদুল হক লিটন কাল খেলার পর বললেন তার দল কিছু সুযোগ নষ্ট করেছে। তা ছাড়া বিদেশি ফুটবলারদের খেলায় তিনি সন্তুষ্ট না। চেষ্টা করছেন নতুন বিদেশি ফুটবলারদের নেয়ার জন্য।