আগৈলঝাড়ায় সড়কের কাজ ছয় মাস বন্ধ, ব্যবস্থা নিচ্ছে না সওজ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
বরিশালের আগৈলঝাড়া থেকে গৌরনদীর ঘোষেরহাট পর্যন্ত সওজ বিভাগের সড়ক প্রশস্তকরণের কাজ দীর্ঘ ৬ মাস ধরে ঠিকাদার প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। জানা গেছে, উপজেলা সদরের থানা গেট থেকে গৌরনদী উপজেলার ঘোষেরহাট পর্যন্ত সড়কের উভয়পার্শ্বে ৩ ফুট করে সড়ক সম্প্রসারণ ও পাকাকরণের জন্য ২০১০ সালে শেষের দিকে মুলাদীর সাবেক এমপি ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলামের ঠিকাদারী প্রতিষ্ঠান এনএম কনসোর্টিয়াম ৫ কোটি ২১ লাখ টাকার কার্যাদেশ পায়। কার্যাদেশ অনুযায়ী ২০১২ সালের ডিসেম্বর মাসে কাজটি শেষ করার কথা থাকলেও বর্তমানে ৫০ ভাগের বেশি কাজ সম্পন্ন করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে বিল বরাদ্দ না থাকার অজুহাতে ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘ ৬ মাস ধরে কাজ বন্ধ রেখেছে। এতে যানবাহনসহ লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর প্রতিদিনই ঘটছে ছোট-খাট দুর্ঘটনা। এ ব্যাপারে বরিশাল সওজের উপ-প্রকৌশলী শিশির কুমার বড়াল জানান, কাজ শুরু করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেয়া হয়েছে। এ প্রকল্পে অর্থ বরাদ্দ পর্যাপ্ত পরিমাণ রয়েছে।