এই প্রথম বিশ্বের ১৮৪টি দেশে নারী নির্যাতনের জন্য একযোগে হাত তুলে সংহতি প্রকাশ করার আহবান জানিয়েছেন ইভ এন্সলার। ইভ টনি এ্যাওয়ার্ড বিজয়ী নাট্যকার, শিল্পী, সমাজকর্মী ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ বা ‘উদ্যম উত্তরণে শতকোটি’ শ্লোগান নিয়ে বিশ্বব্যাপী ক্যাম্পেইনে নেমেছেন। তিনি সকল নারী-পুরুষকে ১৪ ফেব্রুয়ারি নারী নির্যাতন বন্ধে বেরিয়ে আসার আহবান জানান। গতকাল নগরীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ আহবান জানান।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে দায়িত্ব পালনের সমন্বয়ক এবং নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবীর এবং দক্ষিণ এশিয় নারী সংহতি পক্ষ থেকে ফৌজিয়া খন্দকার।
ইভ এন্সলার বলেন, আমরা সবাই মিলে ১৪ ফেব্রুয়ারি রাস্তায় নাচবো। বিশ্বের কোথাও নারী নির্যাতন মুক্ত নয়। দেশে অবস্থা প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। আমি এই ক্যাম্পেইন নিয়ে অনেক দেশে সফর করেছি। বারাক ওবামাসহ অনেক নেতা-নেত্রী আমার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এক্ষেত্রে পুরুষকে আগে এগিয়ে আসতে হবে। মায়ের সম্মানের কথা ভেবে সবাইকে কাজ করতে হবে। এই উপলক্ষে শিল্পকলা একাডেমীতে ‘‘দ্যা ভ্যাজাইনা মনোলগ’’ এর উপর একটি নাটকের অংশ বিশেষ এবং বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনার অংশ বিশেষ মঞ্চায়ন করা হবে। এই লেখিকা ২০০-এর অধিক নারীর সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে রচনা করেছেন নাটক ‘‘দ্যা ভ্যাজাইনা মনোলগ’’। নারীর যৌনতা ও শক্তিকে এই নাটকে সম্মাননা জানানো হয়েছে হাস্যরসের মধ্যদিয়ে, অত্যন্ত সাবলীলভাবে। নারীর আত্মবিশ্লেষণ এবং তার শারীরিক স্বকীয়তা নিয়ে অকপট স্বগত সংলাপ ‘দ্যা ভ্যাজাইনা মনোলগ’।
১৫ বছর ধরে তিনি এই ভি-ডে (ভ্যালেন্টাইন ডে) আন্দোলনের সাথে জড়িত। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভি-ডে এর ১৫ বছর পূর্তি উপলক্ষে শত কোটি নারী এবং তাদের যারা ভালোবাসেন, তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে— পথে বেরিয়ে আসতে, নেচে উঠতে, জেগে উঠতে এবং এই সহিংসতায় যবনিকা টেনে দেয়ার দাবিতে মুখর হতে। তরুণ ও সাধারণ মানুষকে মুক্ত আলোচনায় অংশ নেয়া এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ইভ এন্সলারের ঢাকায় আগমন। বাংলাদেশে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব, গার্মেন্টস কারখানা, এনজিও, মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে। এই ক্যাম্পেইনে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান।
