সামপ্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী বিকাশের কারাগার থেকে মুক্তির বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। তার মুক্তি নিয়ে কমিটির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিকাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মুক্তি পেয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে কমিটির বৈঠকে বিকাশের মুক্ত হওয়ার প্রসঙ্গটি সভাপতি নিজেই উপস্থাপন করেন। সংসদ সচিবালয়সূত্র জানায়, কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, বিকাশকে কারাগার থেকে মুক্তি দেয়ার খবর কি কারণে আগে থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি? কমিটির নিকট স্বরাষ্ট্রমন্ত্রী জবাবে বলেছেন, বিকাশ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেয়েছে। বিকাশকে কারাগারের গেইট থেকে পুনরায় গ্রেফতার করার ব্যাপারে পুলিশের নিকট কোন কারণ ছিলো না।
সূত্র আরও জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবের পর কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। এর আগে কারা অধিদফতরের কার্যক্রম এবং দীর্ঘমেয়াদী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সাজা মওকুফসহ মুক্তি প্রক্রিয়া সমপর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটি কারাগারকে সংশোধনাগার হিসাবে প্রতিষ্ঠাকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে। সে সাথে কারাগার থেকে যেকোন বন্দীর মুক্তির বিষয়টি আগে থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত রাখার সুপারিশ করা হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, হুইপ মির্জা আজম, মো. মুজিবুল হক, সানজিদা খানম এবং মো. সফিকুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি. কিউ. কে. মুসতাক আহমদ, আইজিপি হাসান মাহ্মুদ খন্দকার, আইজিপি (কারা) মো. আশরাফুল ইসলাম খান, ডিজি র্যাব মো. মোখছুের রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
