বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিরুদ্ধে আনা আদালত অবমাননা সংক্রান্ত আবেদনের বিষয়ে আগামী রবিবার আদেশের দিন ধার্য করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীর আবেদনের ওপর শুনানি শেষে এ দিন ধার্য করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল-আমিন।
গত ২৫ ডিসেম্বর এটিএন নিউজ ফলোআপ নামে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের ওপর একটি অনুষ্ঠান সম্প্রচার করে। এতে রাষ্ট্রপক্ষের সাক্ষীর মাধ্যমে আসামিপক্ষের মিথ্যা প্রমাণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ আসামিপক্ষের। বিটিভিও একই ধরনের একটি অনুষ্ঠান প্রচার করেছে বলে জানায় আসামিপক্ষ। শুনানিতে তানভীর আহমেদ আল-আমিন বলেন, এটিএন নিউজ এ অনুষ্ঠানটি একবার নয় কয়েকবারই প্রচার করেছে। এ অনুষ্ঠানে সাঈদীকে একজন ঘৃণ্য যুদ্ধাপরাধী বলা হয়েছে। এ অনুষ্ঠান প্রচারের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, সাঈদীর মামলা এখনো বিচারাধীন। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ১৩ ও ১৪ জানুয়ারি রাষ্ট্রপক্ষের এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য রয়েছে। পরে আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের জন্য দুই পক্ষকে সময় দেয়া হবে।
