পরবর্তী লক্ষ্যমাত্রায় যুক্ত হওয়া দরকার বৈষম্য দূরীকরণ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতি ভালো। তবে মাতৃ মৃত্যুর হার কমানো, দারিদ্র্য বিমোচন ও গুণগতমান সম্পন্ন কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে। কিছু কিছু সূচক বাস্তবায়নের ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জও রয়েছে। এমডিজি পরবর্তী লক্ষ্যমাত্রা নির্ধারণে এ বিষয়গুলোতে গুরুত্ব দেয়া প্রয়োজন। এছাড়া ২০১৫ তে শেষ হতে যাওয়া এমডিজিতে মানব সম্পদ উন্নয়নের উপর বেশি গুরুত্ব দেয়া হয়। তাই এমডিজি পরবর্তী লক্ষ্যমাত্রায় আয় বৈষম্য দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। এমডিজি পরবর্তী লক্ষ্য নির্ধারণে বিভিন্ন দেশের গবেষকদের নিয়ে ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী একটি সভা হবে। সভা উপলক্ষে ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান ও গবেষণা প্রধান ড. ফাহমিদা খাতুন। সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এমডিজি বাস্তবায়নে যেসব লক্ষ্য, উদ্দেশ্য ও সূচকে অগ্রগতি হয়নি বা বাস্তবায়ন হয়নি সে বিষয়গুলো পরবর্তী লক্ষ্যমাত্রায় যুক্ত করা হবে কিনা তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।