ফেব্রুয়ারির মধ্যে ওয়ার্ড ও ইউনিয়নে সম্মেলনের তাগিদ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মহানগরের সকল ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলনের সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে কোনো ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন করতে না পারলে ১ মার্চ স্বয়ংক্রিয়ভাবে তাদের কমিটি ভেঙ্গে যাবে। বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ নির্দেশ দেয়া হয়। দীর্ঘ ৯ বছর পর গত ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলেও এখনো মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়নি। সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মহানগরের অনেক ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন ও কর্মী সংগ্রহের কাজ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন।