এমপি হোস্টেলের নিরাপত্তায় পৃথক ব্যাটালিয়ন ফোর্স দাবি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
সংসদ সদস্যদের বাসস্থান এমপি হোস্টেলের নিরাপত্তা চেয়েছে জাতীয় সংসদের সংসদ কমিটি। এ ব্যাপারে তাত্ক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটি তিন মন্ত্রীর সমন্বয়ে বৈঠক করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে শেরেবাংলা নগর সদস্য ভবন, মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়া সংসদ সদস্য ভবনে বসবাসরত সংসদ সদস্যদের নিরাপত্তার ব্যাপারে আলোচনা করা হয়। এ জন্য কমিটি যত দ্রুত সম্ভব পৃথক প্রটেকশন ব্যাটালিয়ন ফোর্স গঠনের উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছে। কমিটি বলেছে এ ব্যাপারে স্পিকারকে তাত্ক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রীর সমন্বয়ে বৈঠক আহ্বান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে সংসদ এলাকার সিসিটিভিগুলোর কার্যত ক্ষমতা পরীক্ষা করার জন্য গণপূর্ত বিভাগের সাথে পুলিশের বৈঠকের মাধ্যমে সংসদ এলাকার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছেন কমিটির সদস্যরা। কমিটির সদস্য ও হুইপ শেখ আবদুল ওহাব, হাফিজ উদ্দিন আহম্মেদ, এবিএম আশরাফ উদ্দিন (নিজান) এবং এম এ মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া স্বরাষ্ট্র, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।