টানা চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ডেভিড ভিয়া ও অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে ভর করে কোপা ডেল রে তে গত বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা দ্বিতীয় বিভাগের দল কর্ডোবাকে ফিরতি লেগে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ভিয়া প্রমাণ করেছেন গোলের ক্ষেত্রে তিনি কতটা দূরদৃষ্টিসম্পন্ন এবং দলকে পাইয়ে দিয়েছেন বড় জয়।
স্পেনের এই স্ট্রাইকার দেশের সর্বকালের সেরা গোলদাতা। কোপা ডেল রে তে তিনি গোল করেই চলেছেন। বার্সেলোনা এই তারকা ইতিমধ্যে চার ম্যাচে পাঁচ গোল করেছেন।
বর্তমানে ৩১ বছর বয়সী এই ফুটবলারের দুটি গোল এসেছে প্রথম অর্ধের আগেই। স্বাগতিক বার্সেলোনা শেষ আটে যাওয়ার পথ পেয়ে যায় সহজেই। এছাড়া সানচেজ দ্বিতীয়ার্ধে অপর দু’টি গোল করেন। কিন্তু বার্সার হয়ে উদ্বোধনী গোল করেন থিয়াগো আলকান্টারা। লা লিগার দুর্দান্ত দল বার্সেলোনা দুই লেগ মিলিয়ে ৭-০ ব্যবধানে জিতে পরের রাউন্ডে এসে পৌঁছালো। শেষ আটে বার্সেলোনা আগামী ১৬ জানুয়ারি নু ক্যাম্পেই মালাগার মুখোমুখি হবে। ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। টিটো ভিলানোভা উপস্থিত ছিলেন না মাঠে। বার্সার সহকারী কোচ জর্দি রউরা সংবাদ সম্মেলনে বলেন,‘ভিয়া অসাধারণ ম্যাচ খেলেছে। সে আমাদের যা দেখিয়েছে তা আমরা ইতিমধ্যে জেনে গেছি। সেটা হচ্ছে যে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কোন সংশয় ছাড়াই সে ফিরেছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে।’
বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মালাগাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। আবার কোপা ডেল রে তেও মালাগাকে পেল তারা। ফলে সেমিফাইনালে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই হওয়ার সম্ভাবনাও জম্ম নিয়েছে। কিন্তু সেজন্য হোসে মরিনহোর দলকে ভ্যালেন্সিয়া বাঁধা অতিক্রম করতে হবে।
অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্য স্বাগতিক গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। কিন্তু প্রথম লেগে ৩-০ গোলে অ্যাথলেটিকো জয়ের সুবাদে শেষ আটে উঠে গেছে তারা। অ্যাথলেটিকোর শেষ আটের প্রতিপক্ষ রিয়াল বেটিস।
বার্সেলোনা এই ম্যাচে জেরার্ড পিকে,জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তাকে দলে অন্তর্ভুক্ত করেনি। রেকর্ড টানা চারবার ফিফা বিশ্বসেরা ফুটবলার আর্জেন্টাইন লিওনেল মেসি বেঞ্চে ছিলেন। তারপরও বার্সেলোনা পাত্তাই দেয়নি কর্ডোবাকে।
থিয়াগো ম্যাচের ১৭ মিনিটে দলকে গোল উপহার দিয়ে এগিয়ে দেন। ভিয়া চার মিনিটের মধ্যেই দুর্দান্ত গোল করেন। ২৬ মিনিটে ভিয়ার ব্যক্তিগত দ্বিতীয় গোলে বার্সেলোনা প্রথমার্ধে লিড নেয় ৩-০ ব্যবধানে।
চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস ৫৫ ও ৮৫ মিনিটে গোল করে তিনি দলকে সহজ জয়ে সহায়তা করেন। তবে ভিয়া উরুর মাংসপেশির সমস্যায় আক্রান্ত হন। শেষ পর্যন্ত বার্সেলোনার ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে কোন সমস্যাই হয়নি।
বৃহস্পতিবারের ফলাফল
গেটাফে ০ অ্যাথলেটিকো মাদ্রিদ ০
বার্সেলোনা ৫ কর্ডোবা ০
রিয়াল বেটিস ১ লাস পালমাস ০
