স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস বলেছেন তাকে রিয়ালের মূল দলের বাইরে রাখার ব্যাপারে কোচ হোসে মরিনহোর সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে তিনি বদ্ধপরিকর। গত বছরে লা লিগায় রিয়ালের শেষ ম্যাচে মালাগার বিপক্ষে ক্যাসিয়াসকে সাইডলাইনে বসিয়ে রাখেন কোচ। আজ ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে রিয়াল দলের মূল লক্ষ্য নিজেদের জয়ের ধারা বজায় রাখা।
রিয়াল মাদ্রিদ লা লিগায় শিরোপা জয়ের পথে বার্সেলোনার সাথে অনেকটাই পিছিয়ে পড়েছে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। তাদের থেকে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫২। তবে, নিজেদের শেষ তিন ম্যাচে জয় পেয়ে ইতোমধ্যেই জয়ের ধারায় ফিরতে শুরু করেছে কোচ হোসে মরিনহোর দল। আর ফর্মে আছেন ব্যালন ডি’অরের রানার আপ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ম্যাচের আগে সবচেয়ে আলোচিত বিষয় ক্যাসিয়াস-মরিনহো বিতর্ক।
লা লিগায় স্প্যানিশ জায়ান্ট রিয়ালের গত ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফেরেন এই তারকা গোলরক্ষক । ম্যাচের মাত্র ছয় মিনিটের সময়ে রিয়ালের গোলরক্ষক আন্তোনিও কাদান লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলে ক্যাসিয়াসকে মাঠে নামান কোচ। ম্যাচে রিয়াল জয় পেলেও ফেরাটা হয়তো নিজের মনমতো হয়নি ক্যাসিয়াসের। কারণ ঐ ম্যাচে তাকে হজম করতে হয় তিন-তিনটি গোল।
অবশ্য পরের ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই ৩১ বছর বয়সী।
কোপা ডেল রেতে গত বুধবারে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে বেশকিছু গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। ম্যাচে রিয়াল জয় পায় ৪-০ গোলে। ম্যাচের পরে সেইন্ট ইকার সাংবাদিকদের বলেন, ‘আমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি না। কিন্তু আমাকে প্রতিদিনই আরও বেশি করে নিজেকে শানিয়ে নিতে হয় এবং প্রমাণ করতে হয় যে আমি দলের হয়ে মাঠে নামার যোগ্য। আমাকে প্রমাণ করতে হবে যে আমাকে মাঠে না নামানোর যে সিদ্ধান্ত মরিনহো নিয়েছিলেন তা ভুল ছিল। ’
তবে মরিনহোর এই সিদ্ধান্তে তার প্রতি মোটে ক্ষুব্ধ নন জানিয়ে ক্যাসিয়াস বলেন ,‘আমি দলে খুব সুখেই ছিলাম এটা তাকে বলতে আমার আপত্তি নেই। কারণ দলের তত্ত্বাবধানে তিনি আছেন এবং তিনি এটাই বিশ্বাস করেন। তিনি যখন আমাকে দল থেকে বাদ দেন তখন তার কোন ব্যাখ্যা তিনি আমাকে দেননি। অবশ্য ব্যাখ্যা দেয়ার কোন প্রয়োজন আছে বলেও আমার মনে হয় না। এটা ছিল একান্তই তার সিদ্ধান্ত এবং এটাকে অবশ্যই সম্মান জানাতে হবে।’
লিগ শিরোপার দৌড়ে বার্সেলোনা থেকে অনেকটাই পিছিয়ে পরা রিয়ালের এই মৌসুমে লা লিগা জেতার সম্ভাবনা বাস্তবতা মেনে নিলে প্রায় নেই বললেই চলে। ক্যাসিয়াসও বুঝতে পারছেন সেটাও, ‘ফুটবল দলগত খেলা, ব্যক্তিবিশেষের উপর এখানে নির্ভর করা যায় না। গত মৌসুমে শিরোপা জয়ের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছিলাম এবং তা শিরোপা জয়ের জন্য যথেষ্ট ছিল। কিন্তু এ মৌসুমে আমাদের স্বীকার করতেই হবে আমরা কিছু বাজে ম্যাচ খেলেছি। বাস্তবতা মেনে নিলে এটা মানতেই হবে এ মৌসুমে লিগ শিরোপা জয় করা আমাদের জন্য অসম্ভব । কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের অবশ্যই যতদূর সম্ভব চেষ্টা করে যেতে হবে।’
আজকের ম্যাচ
রিয়াল ভ্যালেদোলিদ - মায়োর্কা
এস্প্যানিওল - সেল্টা ভিগো
ওসাসুনা-রিয়াল মাদ্রিদ
ভ্যালেন্সিয়া - সেভিয়া
