পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ রামোস

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৭
স্প্যানিশ ফুটবল ফেডারেশন পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় সার্জিও রামোসকে। কোপা ডেল রে টুর্নামেন্টে গত বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে রেফারি আয়াজা গ্যামেজের সাথে বাজে আচরণের জন্য স্পেন ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে জয় পায়। এক টুইটার বার্তায় স্পেন জাতীয় দলের এই অপরিহার্য তারকা বলেন, ‘আমার শাস্তি যৌক্তিক না কি সেই ব্যাপারে কথা বলতে চাই না। আমি নিজের আচরণের কারণে ম্যাচ অফিসিয়ালদের নিকটে ক্ষমা পার্থনা করছি। আশাকরি ফেডারেশনের আইনে খেলোয়াড় ও রেফারিদের প্রতি সমান থাকবে।’ রামোস নিষিদ্ধ হওয়ার ফলে রক্ষণভাগ নিয়ে বেশ ভুগতে হবে কোচ হোসে মরিনহোকে। কারণ দলের আরো দুই ডিফেন্ডার ফ্যাবিও কন্ত্রাও ও মার্সেলো ফিটনেসের সমস্যায় ভুগছেন।