প্রতি বছর শীত উদযাপনে কক্সবাজারে ঘুরতে যাওয়া আসিফের পুরোনো অভ্যেস। সেই পুরোনো নিয়মেই বন্ধুদের নিয়ে তিনি পিকনিকে এখন কক্সবাজারে। তবে এ বছরে বেশ সাড়ম্বরেই ফিরছেন বাংলা আধুনিক গানের সর্বশেষ সুপারস্টার আসিফ। নিজের অ্যালবাম পরিকল্পনা নিয়ে আসিফ বলেন, ‘প্রথমদিকে গানের ক্ষেত্রে কিছুটা এক্সপেরিমেন্ট করার চিন্তা করেও পরে পরিকল্পনা বাদ দিলাম। কারণ আমার ভক্তরা আমার টাইপের গানই পছন্দ করবে। এ কারণে রাজেশই আমার অ্যালবামের অধিকাংশ গানের কাজ করবে। এরই ভেতরে বেশ কিছু গানের কম্পোজিশনের কাজ শেষ হয়েছে। আমি আমার পুরোনো স্টাইলে একটানা সবকটি গানের ভয়েস দেব। সেইভাবেই কাজ এগোচ্ছে।’ এদিকে দীর্ঘদিন দেশের বাইরে স্টেজ শো থেকে বিরত থাকলেও আবারও বেছে বেছে কয়েকজন আয়োজকের কনসার্ট করবেন বলে জানান তিনি। আসিফ বলেন, ‘অনেকদিন ধরেই বেশ কয়েকটি দেশ থেকেই স্টেজশোর প্রস্তাব এসেছে। কিন্তু নানান কারণেই ফিরিয়ে দিয়েছি। কারণ অনেকেই নিউইয়র্ক-লন্ডনের বড় বড় শোয়ের কথা বলে কিন্তু ঘরোয়া শো করেই চলে আসে। আমি সেই দলে কখনোই ছিলাম না আজও নেই। যথার্থ ক্যাম্পেইন করে তবে বাইরের দেশের শোতে অংশ নিতে চাই। সেভাবেই এ বছর বেশ কটি দেশে শো করব।’ উল্লেখ্য, খুব শিগগিরই আসিফের একক ও শাকিলা জাফরের সাথে তার দ্বৈত অ্যালবাম প্রকাশ পাবে।
