চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আগামী ১৯ থেকে ২৫ জনুয়ারি ঢাকাসহ দেশের সবগুলো বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব বাংলাদেশ’। উত্সবে সারা দেশে অন্তত ২০টি ভেন্যুতে প্রায় ৪০টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও উত্সবে থাকবে দিনব্যাপী সেমিনার, কর্মশালাসহ নানা আয়োজন। থাকবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের নির্মিত চলচ্চিত্রের একটি প্রতিযোগিতা বিভাগও। উত্সবে সারা দেশ থেকে ১২৫ জন শিশু প্রতিনিধি ছাড়াও কয়েকজন বিদেশি অতিথি অংশ নেবেন।
এ উপলক্ষে আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন উত্সব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার ও চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল।
