বড় জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অসিরা ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা।
মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি। ব্যাটিং-এ সুযোগ পেয়ে সূচনাটা ভালোই করেন অসি দুই অভিষিক্ত ওপেনার এ্যারন ফিঞ্চ ও ফিলিপ হিউজ। ১০ ওভার ৫ বলেই স্কোর বোর্ডে ৫৩ রান তুলে ফেলেন তারা। এরপর প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ১৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান ফিঞ্চ।
প্রথম উইকেট হারানোর কিছুক্ষণ পর আবারো দ্বিতীয় উইকেট হারানোর চাপ সইতে হয় স্বাগতিকদের। মাত্র ৩ রান করে আউট হন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নামা উসমান খাজা। ৭২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া অসিদের এরপর ট্রাকে ফেরানোর চেষ্টা করেন হিউজ ও অধিনায়ক বেইলি।
ধীরে ধীরে উইকেটে সেট হয়ে শ্রীলংকার বোলারদের উপর প্রভাব বিস্তার করতে থাকেন হিউজ ও বেইলি। সেই সাথে দু’জনই তুলে নেন হাফ-সেঞ্চুরিও। এরপর ইনিংসটাকে আরো বড় আকারে রূপ দিয়েছেন হিউজ। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচেই সেঞ্চুরির স্বাদ পেয়ে যান তিনি। এই প্রথম অসি কোন ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচেই তিন অংকের কোঠা ছুঁলেন হিউজ। শেষ পর্যন্ত ১৪টি বাউন্ডারির সহায়তায় ১২৯ বলে ১১২ রানে থামেন হিউজ।
হিউজ সেঞ্চুরির স্বাদ পেলেও ৭৯ বলে ৮৯ রানে ফিরেন বেইলি। ৮টি চার ও ১টি ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরিটি করেন অসি দলপতি। তাদের বিদায়ের পর শেষদিকে ডেভিড হাসির বিধ্বংসী ব্যাটিং-এ ৫ উইকেটে ৩০৫ রানের বড় স্কোর পেয়ে যায় অস্ট্রেলিয়া। হাসি ৬টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। শ্রীলংকার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন কুলাসেকেরা, মালিঙ্গা, ম্যাথুস ও অজান্থা মেন্ডিস।
৩০৬ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হন শ্রীলংকা। ১৭ রানের মধ্যে ওপেনার উপুল থারাঙ্গা ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ফিরে যান। থারাঙ্গা ১ ও জয়াবর্ধনে ৫ রানে আউট হন। এরপর তৃতীয় উইকেটে দলের বিপর্যয় সামাল দেন আরেক ওপেনার তিলকরত্নে দিলশান ও দীনেশ চান্ডিমাল। লক্ষ্যের দিকে ভালোই এগিয়ে যাচ্ছিলেন দু’জনে। কিন্তু জুটিতে ৯৪ রান আসার পর প্যাভিলিয়নের পথ ধরেন দিলশান। ততক্ষণে নামের পাশে ৫১ রান জড়ো করেন তিনি।
দিলশানের বিদায়ের কিছুক্ষণ পর মিডল-অর্ডারে দ্রুত দুই উইকেট হারিয়ে ম্যাচ হারের পথ তৈরি করে ফেলে শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাথুস ১২ ও লাহিরু থিরিমান্নে শূন্য রানে রান আউটের ফাঁদে পড়েন।
১২৮ রানের ৫ উইকেট হারানো লংকানদের পালে এরপর রানের হাওয়া যোগানোর চেষ্টা চালান চান্ডিমাল ও জীবন মেন্ডিস। ষষ্ঠ উইকেট জুটির শুরুতে সফল হলেও বড় জুটি গড়তে পারেননি তারা। জুটিতে দলকে ৪১ রান এনে দিয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন মেন্ডিস। করেছেন ২০ রান। মেন্ডিসের বিদায়ের পর নিজেকে উইকেটে বেশিক্ষণ রাখতে পারেননি চান্ডিমালও। ৭টি চার ও ১টি ছক্কায় ৯৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করে থামেন তিনি। এরপর অবশ্য বেশিদূর যেতে পারেনি শ্রীলংকা। ৪০ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন ক্লাইন্ট ম্যাকে। ম্যাচের সেরা হয়েছেন ফিলিপ হিউজ। অ্যাডিলেডে আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
স্কোর কার্ড :
অস্ট্রেলিয়া ইনিংস
এ্যারন ফিঞ্চ ক চান্ডিমাল ব অজন্থা মেন্ডিস ১৬
ফিলিপ হিউজ ক চান্ডিমাল ব মালিঙ্গা ১১২
উসমান খাজা রান আউট জীবন (মেন্ডিস/চান্ডিমাল) ৩
জর্জ বেইলি ক জীবন মেন্ডিস ব ম্যাথুস ৮৯
ডেভিড হাসি অপরাজিত ৬০
গে¬ন ম্যাক্সওয়েল ক অজান্থা মেন্ডিস ব কুলাসেকেরা ৫
ব্র্যাড হাডিন অপরাজিত ১০
অতিরিক্ত (বা-২, লে-৩, ও-৫) ১০
মোট (৫ উইকেট, ৫০ ওভার) ৩০৫
উইকেট পতন : ১/৫৩ (ফিঞ্চ), ২/৭২ (খাজা), ৩/২১২ (হিউজ), ৪/২৪১ (বেইলি), ৫/২৪৮ (ম্যাক্সওয়েল)।
বোলিং : কুলাসেকেরা ১০-০-৫৩-১, মালিঙ্গা ১০-১-৬১-১ (ও-২), ম্যাথুস ৮-০-৪৬-১, অজান্থা মেন্ডিস ১০-০-৬২-১ (ও-৩), দিলশান ৪-০-১৭-০, পেরেরা ৪-০-২৮-০, জীবন মেন্ডিস ৪-০-৩৩-০।
শ্রীলংকা ইনিংস
উপুল থারাঙ্গা ক হাডিন ব স্টার্ক ১
তিলকরত্নে দিলশান রান আউট (খাজা) ৫১
মাহেলা জয়াবর্ধনে ক ফিঞ্চ ব ম্যাককে ৫
দীনেশ চান্ডিমাল ক হাডিন ব ম্যাককে ৭৩
অ্যাঞ্জেলো ম্যাথুস রান আউট (ম্যাক্সওয়েল) ১২
লাহিরু থিরিমান্নে রান আউট (ম্যাক্সওয়েল/হাডিন) ০
জীবন মেন্ডিস ক বেইলি ব জনসন ২০
থিসারা পেরেরা ক বেইলি ব জনসন ৪
নুয়ান কুলাসেকেরা ক বেইলি ব ম্যাককে ১৮
লাসিথ মালিঙ্গা অপরাজিত ১
অজান্থা মেন্ডিস ক হাডিন ব ম্যাককে ০
অতিরিক্ত (বা-২, লে বা-২, ও-৯) ১৩
মোট (অলআউট, ৪০ ওভার) ১৯৮
উইকেট পতন : ১/৮ (থারাঙ্গা), ২/১৭ (জয়াবর্ধনে), ৩/১১১ (দিলশান), ৪/১২৮ (ম্যাথুস), ৫/১২৮ (থিরিমান্নে), ৬/১৬৭ (জীবন মেন্ডিস), ৭/১৬৯ (চান্ডিমাল), ৮/১৯৪ (পেরেরা), ৯/১৯৮ (কুলাসেকেরা), ১০/১৯৮ (অজান্থা মেন্ডিস)।
বোলিং : মিশেল স্টার্ক ৬-০-২৫-১ (ও-২), ক্লিন্ট ম্যাককে ৮-০-৩৩-৪ (ও-৫), মিশেল জনসন ৯-১-৪৩-২ (ও-২), জেভিয়ার ডোহার্তি ৮-০-৪১-১, গে¬ন ম্যাক্সওয়েল ৪-০-২৮-০, ডেভিড হাসি ৫-০-২৪-০।
ফল : অস্ট্রেলিয়া ১০৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ফিলিপ হিউজ (অস্ট্রেলিয়া)।
সিরিজ : অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে। - বাসস
