পাকিস্তানের নিষিদ্ধ গতি তারকা মোহাম্মদ আমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। তবে আমের স্বীকার করেন, তাকে ক্রিকেটের বাইরে ছিটকে দেয়া কুখ্যাত স্পট ফিক্সিং বিতর্কটি তিনি ভুলে যাবেন না।
পাঞ্জাব স্টেডিয়ামে একটি কলেজের বার্ষিক ক্রীড়া উত্সবে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়া আমের বলেন, ‘আমি কখনই ভুলে যাবো না এটা। কারণ আমি এখান থেকে শিক্ষা নিতে চাই আর ভবিষ্যতে এড়িয়ে চলব এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে।’
আমেরের সাথে অভিযুক্তরা হচ্ছে অধিনায়ক সালমান বাট এবং সতীর্থ আরেক পেসার মোহাম্মদ আসিফ। এই তিনজন এজেন্ট মাজহার মাজেদের কথায় প্রভাবিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০১০ সালের আগস্টে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইচ্ছাকৃত স্পট ফিক্সিং করে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের এই অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এছাড়া লন্ডনে কারাবরণও করতে হয়েছে তাকে। আমের অবশ্য নিজের নিষেধাজ্ঞা তুলে নিতে আইসিসির সাথে কোন যোগাযোগ রাখার কথা অস্বীকার করেন। এ প্রসঙ্গে তিনি এটাকে ‘ব্যক্তিগত ব্যাপার’ বলে উল্লেখ করেন। তবে পাকিস্তানের এই খেলোয়াড় স্বীকার করেন যে, তিনি ‘ক্রিকেটে না থাকার অভাব বোধ’ করছেন। ভারত সফরে পাকিস্তানের দুই পেসার জুনায়েদ খান ও মোহাম্মদ ইরফান দারুণ বল করেছেন। আমের এ প্রসঙ্গে বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজে তারা প্রচণ্ড চাপে ভাল বল করেছে। কিন্তু এই ধারা বজায় রাখতে হলে তাদের কঠিন পরিশ্রম করতে হবে।’
