ফ্রাঞ্চাইজিরা এখনো আশাবাদী

বিপিএলে পাকিস্তানি খেলোয়াড় ছাড়বে না পিসিবি!

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:৪০
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান সফরের ব্যাপারে হওয়া সমঝোতা বাস্তবায়ন না করা পর্যন্ত বিপিএলের জন্য খেলোয়াড় ছাড়বেন না তারা। লাহোরে গত বৃহস্পতিবার টি-টোয়েন্টিভিত্তিক পাকিস্তান সুপার লিগ আয়োজনের কথা জানাতে গিয়ে পিসিবি প্রধান এ হুঁশিয়ারি দেন। গতকাল শুক্রবার ক্রিকইনফোতে জাকা আশরাফের এই বক্তব্য প্রকাশ হওয়ার পর বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের পাওয়া যাবে কিনা এ নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়। যদিও বিসিবি এ ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছে। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘অফিসিয়ালী পিসিবি আমাদেরকে কিছুই জানায়নি। আমরা তাদের সাথে কথা বলবো। পরে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো যাবে’। বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহাও জাকা আশরাফের এমন বক্তব্যের কথা শুনেননি বলে জানান। তিনি বলেন, ‘আমি এসব কোন বক্তব্য শুনিনি। আমরা এখনো আশাবাদী বিপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলবেন’। অথচ জাকা আশরাফ বলেছেন, ‘বাংলাদেশ প্রায় সফরে চলে এসেছিল। কিন্তু গত মাসে তারা শেষ সময়ে নিরাপত্তার কারণে সফর বাতিল করে। বাংলাদেশ তাদের চুক্তি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা খেলোয়াড় পাঠাতে পারছি না। যদি তারা পাকিস্তান সফর করে এবং খেলে সেক্ষেত্রে আমরা এ বিষয়টি বিবেচনা করবো’। এদিকে বিপিএল যখন শুরু হবে সে সময় পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট কায়দে আজম ট্রফি চলবে। পিসিবি জানিয়েছে তারা চায় না দলগুলোর সাথে খেলোয়াড়দের প্রতিশ্রুতির ব্যত্যয় হোক।