বগুড়ায় রেকর্ড গড়া চারদিনের ম্যাচ ড্র

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:৪২
বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের চার দিনের ম্যাচ নিষ্প্রাণ ড্র হয়েছে। ওয়ালটন মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৬৫৫ রানের জবাবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৯৬ রান করতে সক্ষম হয়। মধ্যাঞ্চলের মার্শাল আইয়ুব ও মেহরাব জুনিয়র ৪৯৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েও ম্যাচের সমাপ্তি ঘটে ফলাফল ছাড়াই। অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের জন্য মার্শাল আইয়ুব ও মেহরাব জুনিয়র যৌথভাবে ম্যাচ সেরা হয়েছেন। দুই অপরাজিত ব্যাটসম্যান নাফিস ইকবাল (৮২) ও মোমিনুল হক (২৩) শেষ দিনের খেলা শুরু করেন। সেঞ্চুরির স্বপ্ন নিয়ে মাঠে নামলেও ব্যর্থ হয়েছেন নাফিস। ৮২ রানে ফিরে যান তিনি। মোমিনুল ও আফতাবও দ্রুত আউট হলে চাপে পড়ে পূর্বাঞ্চল। অধিনায়ক অলক কাপালী কিছুটা প্রতিরোধ গড়লেও ফয়সাল হোসেন ডিকেন্সের সাথে ৪৯ রানের জুটি গড়ে বিদায় নেন তিনিও। মধ্যাঞ্চল প্রতিপক্ষকে অলআউটের স্বপ্ন দেখলেও ধীমান ঘোষকে সাথে বড় জুটির দিকে এগিয়ে নিয়ে গেছেন ফয়সাল। এ জুটি দলের স্কোর টেনে নেন ৩৭৪ রানে। নাফিসের মত সেঞ্চুরির কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন ফয়সাল। ১০৩ বল খেলে ১৩টি বাউন্ডারি আর একটি ছক্কায় সাজানো ৯২ রানে পেসার শাহাদতের বলে আউট হয়েছেন তিনি। পূর্বাঞ্চল ৮ উইকেটে ৩৯৬ রান করার পর আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম ইনিংসে মধ্যাঞ্চল মাত্র ৫৬ রানে ৪ উইকেট হারালেও ৭ উইকেটে ৬৫৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ ৪৯৪ রানের নতুন রেকর্ড গড়েন। মাত্র ২৬ রানের জন্য ভারতের পুজারা ও রবীন্দ্র জাদেজার গড়া ৫২০ রানের বিশ্বরেকর্ড ভাংতে ব্যর্থ হয়েছেন তারা। সংক্ষিপ্ত স্কোর:ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংস:৬৫৫/৭ (ডিক্লেয়ার), মার্শাল আইয়ুব ২৮৯, মেহরাব জুনিয়র ২১৮, নাবিল সামাদ ১৬১/৪। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংস:৩৯৬/৮, নাফিস ইকবাল ৮২, ফয়সাল হোসেন ৯২, ধীমান ঘোষ ৫৮*, শাহরিয়ার নাফিস ৪৯, শাহাদত ৭৩/৩, ইলিয়াস ছানী ৮৪/৩। ফলাফল:ড্র ম্যান অব দ্য ম্যাচ:মার্শাল আইয়ুব ও মেহরাব জুনিয়র।