আগামী মার্চে একটি বর্ণাঢ্য টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। জঙ্গিদের আত্মঘাতী হামলার মধ্যে থাকা দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে এ টুর্নামেন্ট সহায়ক হবে বিবেচনায় গত বৃহস্পতিবার এ ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যদিও ২০০৯ সালের মার্চে শ্রীলংকা দলকে বহনকারী বাসে জঙ্গিদের হামলায় আট পাকিস্তানী নিহত এবং সফরকারী দলের সাত খেলোয়াড় আহত হওয়ার পর কোন টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানে যাচ্ছে না। নিরাপত্তার কারণে বিদেশি দলগুলো সে দেশে খেলতে যেতে ক্রমাগত অস্বীকৃতি জানিয়ে আসায় ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজ খেলতে বাধ্য হচ্ছে পাকিস্তান।
সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠানোর কথা বললেও নিরাপত্তা পরিস্থিতির কারণে তা স্থগিত করে দেয়। পিসিবি অবশ্য আশা করছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নামের এই টুর্নামেন্ট আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের এতে খেলতে আগ্রহী করে তুলবে। লাহোরে এই লিগের পরিকল্পনা ও লোগো উপস্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের পুরুষ ও ক্রিকেট দলের অধিনায়ক, বোর্ড কর্মকর্তা ও নামী সাবেক ক্রিকেটাররা। এছাড়াও ছিলেন আইসিসি’র সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাত, যিনি এর উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
লিগটি মার্চে শুরু হবে বলে জানিয়েছে পিসিবি। ২৩ মার্চ হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান এবং খেলাগুলো শুরু হবে পরদিন থেকে। পিএসএল এর প্রথম তিন আসরে অংশ নেবে পাঁচটি দল। প্রতিটি দলে থাকবেন স্থানীয় পাঁচজন ও ছয় বিদেশি খেলোয়াড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো করে প্রতিটি দল একে অপরের সাথে দু’বার করে খেলবে। বিপুল অর্থের আইপিএল ২০০৮ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এর প্রথম আসরে পাকিস্তানী খেলোয়াড়রা সুযোগ পেলেও দ্বিতীয় আসর থেকে তাদের বাদ দেয়া হয়। শতাধিক বিদেশি খেলোয়াড় প্রতি বছর আইপিএলে অংশ নিয়ে থাকে। তাই এবার পিসিবি চাচ্ছে আইপিএলের আদলে এই টি-টোয়েন্টি লিগটি আয়োজন করতে।
লরগাত বলেন,‘এ দিনটি পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ পাকিস্তানকে অনেক এগুতে সাহায্য করবে। টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা দিনকে দিন বৃদ্ধি পাওয়ায় আইসিসি সদস্যভুক্ত প্রতিটি দেশেরই নিজস্ব লিগ আয়োজনের অধিকার আছে। পাকিস্তান অনেক কঠোর পরিশ্রম করে আসছে এবং বিদেশি খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করলে দেশটির প্রতি তাদের ধারণা পরিবর্তন হবে বলে আমি আশাবাদী।’
-বাসস/ডন
