ইন্টারনেট সেবার দাম কমানোর আহবান তথ্যমন্ত্রীর

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রযুক্তিগতভাবে উন্নত একটি দেশ গড়ে তোলার লক্ষ্যে জনগণের আইসিটি নেটওয়ার্কে প্রবেশ নিশ্চিত করতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এবং মোবাইল ফোন সহজলভ্য ও সাশ্রয়ী করতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নতমানের তথ্যপ্রযুক্তি (আইটি) সেবা পৌঁছে দিতে সরকার ইন্টারনেট সেবা ও মোবাইল ফোনের দাম কমানোর উদ্যোগ নিয়েছে। মন্ত্রী শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী স্মার্টফোন এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার এবং প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম বক্তৃতা করেন। মন্ত্রী বলেন, আইসিটি জগতের কোনো সীমা-পরিসীমা নেই, এটি ক্রমশ পরিবর্তনশীল ও অগ্রসরমান একটি খাত। মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব সমাজকে নিষ্ঠার সঙ্গে আইসিটি বিষয়ক জ্ঞান অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, যেকোনো বিভাগের শিক্ষার্থীদের জন্য আইসিটি শিক্ষা গ্রহণ অত্যাবশ্যক, কাজেই সকলেই কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ক মৌলিক জ্ঞান অর্জন করতে পারেন। আয়োজকরা জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে ১৭টি স্টল রয়েছে।