অধিনায়ক ও ওপেনার গ্রায়েম স্মিথের ব্যাটিংয়ে গতকাল শুক্রবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের উদ্বোধনী দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার শুরুটা ভাল হয়েছে। খেলার শুরুতে নিউজিল্যান্ডের পেসার ডুগ ব্রেসওয়েলের বল স্মিথের হেলমেটে আঘাত করেছিল। বড় কোন দুর্ঘটনা ঘটেনি অবশ্য কাল।
কেপটাউনে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ইনিংস ও ২৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। কাল লাঞ্চে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা এক উইকেট হারিয়ে ৯৯ রানে। স্মিথ তখন ৪০ ও হাশিম আমলা ৩২ রানে অপরাজিত ছিলেন।
আরেক ওপেনার আলভিরো পিটারসন ২১ রানে ব্রেসওয়েলের শিকারে পরিণত হন। স্মিথ লাঞ্চের পর বাঁ-হাতি পেসার নিল ওয়াগনারের শিকার হন ৫৪ রানে। তার ইনিংসে রয়েছে আটটি চার। মাঠে কাল স্মিথের চিকিত্সার প্রয়োজন হয় ম্যাচের চতুর্থ ওভারে আঘাত পেলে। স্মিথ ও আমলার দ্বিতীয় উইকেট ছিল ৭২ রানের।
দক্ষিণ আফ্রিকা চা বিরতিতে যায় তিন উইকেট হারিয়ে ১৯১ রানে। এ সময় উইকেটে ছিলেন হাশিম আমলা ৬৯ এবং এবি ডিভিলিয়ার্স ২৯ রানে। জ্যাক ক্যালিস এই বিরতির আগে আট রানে ব্রেসওয়েলের বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন। নিউজিল্যান্ডের বোলাররা বেশ আগ্রাসী বোলিং করেন কাল।
হ্যামস্ট্রিং ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকার পেসার ভেরনন ফিল্যান্ডার খেলতে পারেননি। তার বদলে দলে এসেছেন ররি ক্লেইনভেল্ড। নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন ছিল। বাঁ-হাতি পেসার ওয়াগনার এসেছেন অভিজ্ঞ ক্রিস মার্টিনের জায়গায়। অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের বদলে ব্যাটসম্যান কলিন মুনরো এদিকে দলে প্রবেশ করেছেন। ফ্রাঙ্কলিনও হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত হয়ে দলে প্রবেশ করতে পারেনি।
