খালেদা জিয়ার চরিত্র হননকারীরাই এখন দলের নীতিনির্ধারক - হান্নান শাহ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. আসম হান্নান শাহ বলেছেন, মঈন-ফখরুদ্দিনের ওয়ান ইলেভেনের সময়ে বিএনপির যেসব নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের চরিত্র হনন করে বক্তব্য দিতেন, তারাই এখন দলের নীতিনির্ধারক। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত ‘ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিক সিকদার, হেলেন জেরিন খান, খালেদা ইয়াসমিন, মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।