ক্ষতিকারক ফরমালিন থেকে মুক্তির মিছিলে এবার যোগ দিচ্ছে মিরপুর-১ এ অবস্থিত হযরত শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেট। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এই বাজারে আজ ক্ষতিকারক ফরমালিন সনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। ক্রেতারা চাইলে এ মেশিনে পরীক্ষা করে ফরমালিন আছে কিনা তা নিশ্চিত হতে পারবেন। এর আগে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, মহাখালী, গুলশান, মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকার কাঁচাবাজারে ফরমালিন সনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়। আজ বেলা ১২টায় বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথি হিসাবে মিরপুরের এই কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করবেন। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ অনুষ্ঠানে ব্যবসায়ী ও পরিবেশবিদরা উপস্থিত থাকবেন।
