মু খো মু খি
সুষ্মিতা তুষ্টি, হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে খুব অল্প সময়ে ছোট পর্দায় নজর কেড়েছেন। এরপর সেই নজরকাড়াসূত্রেই অভিনয়ে ব্যস্ততা। বর্তমানে একাধিক ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের সাম্প্রতিক ব্যস্ততা ও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিন-এর সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন অর্ক হাসান।
আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে বলুন?
এখন অনেকগুলো ধারাবাহিকে নিয়মিত কাজ করছি। ধারাবাহিকগুলো হলো—‘হ্যালো ইন্সপেক্টর’, ‘অনন্যা’, ‘জিরো পয়েন্ট’, ‘বিশাখা’, ‘তিন তালা তিন চাবি’, ‘মুসাফিরখানা’, ‘মায়া’। এগুলোর সবকটারই শুটিং জানুয়ারি থেকে শুরু হয়েছে। কোনোটারই এখনও প্রচার শুরু হয়নি। নিয়মিত এগুলোর শুটিং করছি, ভালোই সময় কাটছে।
মডেলিংয়ের কী খবর?
আসলে আমি থিয়েটার থেকে এসেছি তো, তাই অভিনয়েই আমার প্রাণ। অভিনয়টাই নিয়মিত করতে চাই। নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক এইগুলোতেই মনোযোগ দিচ্ছি।
তাহলে কি মডেলিং থেকে দূরে সরে যাচ্ছেন?
না, মডেলিং থেকেও দূরে সরছি না, বিজ্ঞাপনও করব। কিন্তু হরলিক্সের বিজ্ঞাপনটা করার পর প্রচুর বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে, কিন্তু সবক’টিতে আমার ক্যারেক্টার ওই হরলিক্সের ক্যারেক্টারের মতোই। আর এই একঘেয়ে ক্যারেক্টার দেখে কাজগুলোর একটাও করিনি। আমি অভিনেত্রী, আমি ভার্সেটাইল কাজ করতে চাই। নতুন গল্পে, ভিন্ন ভিন্ন ক্যারেক্টারের কাজ এলে আমি অবশ্যই করব। বিজ্ঞাপন তো অনেক বড় একটি মাধ্যম।
আপনিতো অনেকগুলো চলচ্চিত্রে কাজও করেছেন, সর্বশেষ একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফিও করেছেন। নতুন আর কোন কোন চলচ্চিত্রে কাজ করছেন?
আসলে এখন নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছি না। অনেকগুলো চলচ্চিত্রে কথা চলছে, কিন্তু এখনও কোনোটা ফাইনাল না। সোহানুর রহমান সোহান ভাইয়ের একটা কাজ নিয়েও কথা হয়েছে, এটাও তেমন ফাইনাল কিছু না। তাই এখন চলচ্চিত্রে কোনো ব্যস্ততা নেই। তবে হ্যাঁ, চলচ্চিত্র হচ্ছে আমার স্বপ্ন। এই শিল্পে আমি নিয়মিত কাজ করতে চাই। ফিল্মেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
নতুন অভিনেত্রীদের অনেকেই সিডিউল ফাঁসানোর মতো কাজটি করে থাকে, এ বিষয়ে কী বলবেন?
আসলে যারা করেন এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। এটা যার যার অভিব্যক্তি। আমি থিয়েটারে কাজ করে তারপর এসেছি। এখনও থিয়েটারে কাজ করি। সেখানে অনেক কিছু শিখেছি। আমি অভিনয়টাকে অনেক শ্রদ্ধা করি। তাই আমাকে দিয়েই এই কাজটা সম্ভব হবে না। আমি এ পর্যন্ত কারও সিডিউল ফাঁসাইনি। তবে যারা করেন তারা ঠিক করছেন না। আর এটা করাটাও ঠিক না।
